ন্যাশনাল ডেস্ক, ২৫ মে ২০২৬: ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে পড়ল পর্যটক বোঝাই স্করপিও গাড়ি। দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের রায়গড় জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। প্রাথমিক ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রায়গড়ের আম্বেনালি ঘাটের কাছে একটি স্করপিও গাড়ি গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় স্করপিও গাড়িতে থাকা ৮ জনই মারা যান। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনাটি মহাবালেশ্বর এবং পোলাদপুরের মধ্যবর্তী আম্বেনালি ঘাটে ঘটেছে।
বর্তমানে, অনুসন্ধান ও উদ্ধারকারী দল সফলভাবে দুটি মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে, গাড়িটি সাতারা জেলার আসগাঁও গ্রামের। এনডিটিভির প্রতিবেদন অনুসারে, প্রায় ১৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এখন পর্যন্ত উদ্ধারকারী দল ৫০০-৭০০ ফুট নিচে গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করেছে এবং বাকি মৃতদেহগুলো উদ্ধারে খোঁজ চলছে।
জানা গেছে, দুর্ঘটনাটি রবিবার গভীর রাত ২:৩০-এর দিকে ঘটেছে। রাতের অন্ধকার এবং ঘাট এলাকার দুর্গম ভূখণ্ড উদ্ধার অভিযানে একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করেছিল। খবর পেয়ে মহাবালেশ্বর ট্রেকার্স দল, স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। গভীর গিরিখাত এবং দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধার অভিযানে অত্যন্ত সতর্কতা অবলম্বনের প্রয়োজন ছিল।
জানা গিয়েছে, মৃতদের নাম অংশ সমীর চভান (১৯), বোরগাঁও, তহসিল চিপলুন, জেলা রত্নাগিরির বাসিন্দা।রিতেশ রাজেন্দ্র লোখান্ডে (২২), আসগাঁও, তহসিল সাতারা, জেলা সাতারার বাসিন্দা। সুহাস জিতেন্দ্র লোখান্ডে (২০), আসগাঁও, তহসিল সাতারা, জেলা সাতারার বাসিন্দা। উৎকর্ষ আনন্দ শিংটে (২১), মারদে, তহসিল সাতারা, জেলা সাতারার বাসিন্দা। নিখিল অভিমন্যু শিংটে (২৫), মারদে, তহসিল সাতারা, জেলা সাতারা। মহেশ অনিল পাওয়ার (২৫), আসগাঁও, তহসিল সাতারা, জেলা সাতরার বাসিন্দা। আদিত্য অশোক সালুনখে (২১), আসগাঁও, তহসিল সাতারা, জেলা সাতরার বাসিন্দা। রাজেশ অশোক কাটকার (৩৫), খাটাভের বাসিন্দা, তহসিল খাটাভ, জেলা সাতারা৷
উল্লেখ্য, রায়গড় ও সাতারা জেলার সীমান্তে অবস্থিত আম্বেনালি ঘাট অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত হয় এবং এখানে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয় কর্তৃপক্ষ, পর্বতারোহী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু গভীর গিরিখাত এবং দুর্গম ভূখণ্ড উদ্ধার অভিযানে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রাতের অন্ধকারে মৃতদেহ খোঁজা অত্যন্ত কঠিন বলে প্রমাণিত হয়। তবে, দিনের আলো ফোটার সাথে সাথে উদ্ধার অভিযান আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।
সকাল ৬টা নাগাদ থেকে চারটি পৃথক উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। এখন পর্যন্ত দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকার্য তদারকির জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। উদ্ধারকাজে দড়ি, দূরবীন ব্যবহার করতে হচ্ছে।
পোলাদপুর থানার আধিকারিক আনন্দ রাওড়ে জানান, মৃতরা সাতারা জেলার আসগাঁওয়ের বাসিন্দা ছিলেন। ২৪ তারিখ ভোরে তাঁরা হারনে সৈকত থেকে সাতারা ফিরছিলেন। তখন আম্বেনালি ঘাটে ডাবেলি গ্রাম সীমান্তের কাছে পোলাদপুর সড়কে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেটি একটি গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি। পুলিশ প্রতিটি দিক খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে, ঘাট সড়কের বিপজ্জনক বাঁক, রাত অথবা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর মতো পরিস্থিতি এই দুর্ঘটনার কারণ হতে পারে। এই দুর্ঘটনার পর মৃতদের গ্রাম শোকাহত এবং পরিবারগুলো শোকে মুহ্যমান।

No comments:
Post a Comment