'তৃণমূল তৃণমূলকে হারিয়েছে', বিস্ফোরক দলেরই নেতা! অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 27, 2026

'তৃণমূল তৃণমূলকে হারিয়েছে', বিস্ফোরক দলেরই নেতা! অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা


পূর্ব মেদিনীপুর: 'তৃণমূল তৃণমূলকে এবারে হারিয়েছে' বিস্ফোরক মন্তব্য করলেন দলেরই নেতা শেখ হানিফ মহম্মদ। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য শেখ হানিফ মহম্মদ। মঙ্গলবার পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে জনগনের সেবায় জনসংযোগ অফিস উদ্বোধন করেন তিনি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান তিনি। পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের হয়ে তিনি জয়লাভ করলেও স্থানীয় নেতৃত্বের মধ্যে দূরত্ব বাড়ায় কয়েক বছর রাজনীতিতে নিষ্ক্রিয় হয়েছিলেন, একথাও এদিন জানিয়েছেন তিনি। 


এদিন সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়েছেন তিনি। নাম না করে তৃণমূল নেতাদের কটাক্ষ করে বলেন, 'পাঁশকুড়ায় কয়েকটা বাঁদর প্রচার করছে হানিফ মহম্মদ বিজেপির হয়ে গেছে। আপনারা জেনে রাখুন হানিফ মহম্মদ কোনও দল করবে না। যদি কোনও রাজনৈতিক দল করি, তাহলে আপনাদের যেমন জনসংযোগ অফিস উদ্বোধনে ডেকেছি, তেমন আপনাদের সাথে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব। এই জনসংযোগ অফিসের মধ্য দিয়ে মানুষকে পরিষেবা দেব।'


পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হানিফ মহম্মদ বলেন, 'এলাকায় তিন বছর তৃণমূল দলটা আমি ছেড়ে দিয়েছি, আমি নিষ্ক্রিয় হয়ে গেছিলাম। প্রাকৃতিক দুর্যোগে যেমন ধান ক্ষেত ঘুমিয়ে গেছে, চাষীদের অনেক ক্ষতি হয়েছে। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের জোড়াফুল মাঠে ঘুমিয়ে গেছে। খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তৃণমূলে যারা নেতৃত্ব দিচ্ছিল তারাও নিষ্ক্রিয় হয়ে গেছে। তৃণমূলটাই ছেড়ে দিয়েছি। পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে এলাকার মানুষকে পরিষেবা দিতে এই জনসংযোগ অফিস খুলেছি।'


তিনি বলেন, 'মানুষ এখন বিভ্রান্ত আছেন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আমাদের প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলতে হবে। আমি আমার ক্ষমতার বলে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব।' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও শুভেচ্ছা জানান তিনি এবং আশা প্রকাশ করেন মানুষের স্বার্থে কাজ করবেন মুখ্যমন্ত্রী। 


তিনি বলেন, 'সোনা চোর, বালি চোর, মাটি চোর এদের যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেন তাহলে দলের অবস্থা এরকমই ধরাশায়ী হবে। শুধু পাঁশকুড়া নয়, ২৯৪ টা বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, চিটিংবাজ, তোলাবাজদের থেকে কাটমানি নিয়েছে, তাদের দায়িত্ব দিয়েছে। তৃণমূল এবারে তৃণমূলকে হারিয়ে দিয়েছে।' তিনি বলেন, 'তৃণমূলকে যারা সরকারে নিয়ে এসেছেন, তৃণমূলের জন্য যারা লড়াই করেছেন ২০১১ সালের আগে থেকে, আমরা জেল খেটেছি। তৃণমূল করতে গিয়ে হানিফ মহম্মদ কোটি কোটি টাকা খরচা করে সর্বহারা হয়ে তিন বছর নিষ্ক্রিয় হয়ে বসেছিল। সারা পশ্চিমবাংলায় এমন অনেক হানিফ মহম্মদ আছেন হিন্দু-মুসলিম। তৃণমূল তৃণমূলকে এবারে হারিয়েছে, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দিয়েছেন।'


যে সময়ে বন্যা হয়, পঞ্চায়েত ভোটের পরে আমি বসে গিয়েছিলাম। মান-অভিমান, ক্ষোভ অনেক রয়েছে। এ দলে চোর চিটিংবাজদের সম্মান। যারা কাটমানি এখান থেকে তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছত‌, তাঁদের জায়গা হয়েছে। সম্মানটুকু রইল না। তাই নিজে বসে গিয়েছিলাম। তিনি এও বলেন, কোনও দল নয়, জনসংযোগের মাধ্যমে জনসেবা করে যাব। তাঁর দাবী, এখানকার তৃণমূল ব্লক সভাপতি-সহ অনেকে তাঁকে হারাতে চাইছিলেন। 


তিনি বলেন, 'ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এমন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শুয়ে গেছে। একে আর পৃথিবীর কোনও শক্তি বাঁচাতে পারবে না। হানিফ মহম্মদ দায়িত্ব নিয়ে বলছে।' তিনি বলেন, 'এই দলের জন্য খরচা করে করে আমি সর্বহারা হয়ে বসে আছি। এই তৃণমূল দল সম্পর্কে যত না বলা হবে ততই ভালো।'


তাঁর বার্তা, 'নতুন সরকার মানুষের উন্নয়নে কাজ করুক, আমরা পাশে রয়েছি।' তিনি এও বলেন, এখন আমি কোনও দলে যাব না। তবে, ভবিষ্যতে তেমন কোনও ব্যাপার হলে এলাকার মানুষের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেব।' সরকার ও নির্বাচন কমিশনের কাছে তাঁর আবেদন, এসআইআরে যেসব নাম বাদ পড়েছে, হিন্দু মুসলিম নির্বিশেষে যারা দেশের নাগরিক, এগুলো বিবেচনা করে পুনরায় নাম তোলা হোক।

No comments:

Post a Comment

Post Top Ad