কলকাতা: এ যেন 'গোদের ওপর বিষফোঁড়া'। নির্বাচনে ভরাডুবির পর থেকেই একের পর এক নেতা-নেত্রী দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নিচ্ছেন। দিকে দিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন দলের নেতা কর্মীরা। এরই মাঝে শনিবার নিজেই আক্রান্ত হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার ওপর আবার বিধানসভায় সই কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। এই সবকিছুর মাঝেই রবিবার কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, এই সমস্ত বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হতে পারে।
তবে, যেভাবে দলের বিধায়কদের নিয়ে বিভিন্ন মহলে নানান মত, জল্পনা তৈরি হয়েছে তাতে আজকের বৈঠকে কতজন দলীয় বিধায়ক যোগ দিতে আসবেন সেই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে। বারবার সৌজন্যের নাম করে এর মধ্যে একাধিক বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। দেখা করেছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর সঙ্গেও। ফলত এই পরিস্থিতিতে কতজন বিধায়ক দল বদল করতে চাইছেন সে দিকেও নজর রাখছেন তৃণমূল সুপ্রিমো। তাঁদের মধ্যে কতজন আদৌ আজকের বৈঠকে আসবেন কিনা সেদিকেও স্বাভাবিকভাবেই নজর থাকবে।
এর মধ্যে আবার দলের বিধায়কদের সই-কাণ্ড নিয়ে যে কেলেঙ্কারির আশঙ্কা থেকে সিআইডি তদন্ত শুরু করেছে, তা নিয়েও নির্দিষ্ট করে বার্তা দিতে পারেন মমতা। ইতিমধ্যে সই নিয়ে বিতর্কে বিরোধী দল হিসাবে তৃণমূলের মর্যাদা পাওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিধায়কদের মধ্যে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁদের সই জাল করা হয়েছে। আর কাদের সই কারা জাল করল এ নিয়ে প্রশ্নের মধ্যেই আজ কালীঘাটের বৈঠক। দলের বিধায়কদের মধ্যে কারা সইয়ের দিন হাজির ছিলেন, কারা ছিলেন না, তা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার মূলে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। আর দলের অন্দরের ফাটল কতটা গভীর, সেটাই হয়তো এদিনের বৈঠকে বুঝে নিতে চাইছেন দলনেত্রী, এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

No comments:
Post a Comment