ছোট্ট শিশুকে যৌ-ন নিগ্ৰহ, অভিযুক্তর শাস্তির দাবীতে উত্তাল মহিষাদল - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, June 24, 2026

ছোট্ট শিশুকে যৌ-ন নিগ্ৰহ, অভিযুক্তর শাস্তির দাবীতে উত্তাল মহিষাদল


নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: সাড়ে তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্ৰহ। অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। গুরুতর জখম হয়েছেন ৩ পুলিশ কর্মী। ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার। অভিযুক্তের দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ বিক্ষুব্ধ জনতার। উত্তাল মহিষাদল। প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। 


পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার ইটামগরা-২ অঞ্চলে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্ৰহের অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। ঘটনায় শেখ মফিজুল (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহিষাদল থানার পুলিশ। তবে, অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগও উঠেছে। ওই ঘটনায় দুই পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। গুরুতর জখম এক পুলিশ আধিকারিককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের অভিযোগ, অভিযুক্তের দোকান তাদের দোকানের পাশেই। দীর্ঘদিন ধরে পরিবারের অজান্তে বিভিন্ন সময়ে শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে যেত সে। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও অভিযুক্ত তা গুরুত্ব দেয়নি বলে দাবী পরিবারের।

অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করার সময় হঠাৎই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা জানতে পারেন, শেখ মফিজুল সাইকেলে করে শিশুটিকে নিয়ে গিয়েছে। প্রায় আধ ঘন্টা পর অভিযুক্ত শিশুটিকে ফিরিয়ে আনে।

পরিবারের দাবী, বাড়ি ফেরার পর শৌচাগারে যাওয়ার সময় শিশুটি গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। সঙ্গে সঙ্গে তাকে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান গোপনাঙ্গে আঘাত রয়েছে। এরপর চিকিৎসকদের পরামর্শেই পরিবারের পক্ষ থেকে মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ এবং পকসো আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ তার বাড়িতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

অভিযোগ, শেখ মফিজুল-সহ কয়েকজন পুলিশকর্মীদের কাজে বাধা দেয় এবং তাদের ওপর চড়াও হয়। ধস্তাধস্তি ও হামলায় দুই পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ার আহত হন। গুরুতর আহত এক পুলিশ আধিকারিককে তড়িঘড়ি তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শিশুকন্যাকে যৌন নিগ্ৰহ এবং পুলিশকর্মীদের ওপর হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ। 

ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। দোষীর কঠোর শাস্তির দাবীতে রাতেই হলদিয়া-মেচাদা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি ও হিন্দুসংগঠন। বুধবার সকাল থেকেও এক চিত্র। রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ-অবরোধ। এমনকি অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় উত্তেজিত জনতা, অভিযুক্তর দোকানে তারা আগুন‌ ধরিয়ে দেয় বলেও অভিযোগ। যদিও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে বলেই জানিয়েছে পুলিশ। 

ঘটনাস্থলে যান মহিষাদলের বিজেপি বিধায়ক সুভাষ পাঁজা-সহ অন্যান্য বিজেপি কর্মীরা। শিশুকন্যার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। 

পুলিশ জানিয়েছে, পকসো আইনে মামলা রুজু হয়েছে। ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক।

No comments:

Post a Comment

Post Top Ad