কলকাতা: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ। ভয়ঙ্কর দুর্ঘটনা তারাতলায়। একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা। বুধবার দুপুর ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামটি ভেঙে পড়ে বলে খবর। অধিকাংশই শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আহত আটজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে পিজি হাসপাতালের ট্রমা সেন্টারে। সেখানেই চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচ জনের চিকিৎসা চলছে। তবে, আহত বা মৃত্যু নিয়ে নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি প্রতিবেদন লেখা পর্যন্ত। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।
জানা গিয়েছে, তারাতলায় ব্রেসব্রিজের কাছে একটি গোডাউন তৈরির কাজ চলছিল। হঠাৎই বেশ কিছু লোহার বিম ভেঙে পড়ে। তাতেই বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন। চিৎকার-আর্তনাদে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছুটে আসেন আশেপাশের মানুষজন। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ। আর্থ মুভার, গ্যাসকাটার নিয়ে এসে সেই লোহার বিম সরানোর কাজ শুরু করা হয়।
ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর দাবী, লোহার বিমের ওই কাঠামোর ভিতরে ৫০ থেকে ৬০ জন আটকে থাকতে পারেন। উদ্ধার কাজ চলছে। এনডিআরএফ, দমকল, পুলিশ, সেনাবাহিনীর উদ্ধার কাজ করছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী ও বেহালা পূর্বের বিধায়ক ইন্দ্রনীল খাঁ, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে-সহ অন্যান্য আধিকারিকরা।
পরিস্থিতির দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কন্ট্রোল রুম খুলেছে বিপর্যয় মোকাবিলা দফতর। নম্বরগুলি হল- ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০,০৩৩ ২১৪৩৫২৬, ০৩৩ ২২৫৩৫১৮৫। স্থানীয়রা জানাচ্ছেন, ভিতরে কতজন আটকে পড়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে, ধ্বংসস্তুপের ভিতর থেকে অনেকের সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবী করছেন অপর এক শ্রমিক।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।

No comments:
Post a Comment