ডিম ছুঁড়ে নয়, দুর্নীতিগ্ৰস্ত তৃণমূল নেতাকে ওমলেট দাওয়াই - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, June 14, 2026

ডিম ছুঁড়ে নয়, দুর্নীতিগ্ৰস্ত তৃণমূল নেতাকে ওমলেট দাওয়াই

 


নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্নীতির অভিযোগে দিকে দিকে গ্ৰেফতার হচ্ছেন তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী। আর তাঁদের দেখেই একেবারে আছড়ে পড়ছে জনরোষ। থানা থেকে শুরু করে আদালত চত্বর, হাতের নাগালে পেলেই তাঁদের লক্ষ্য করে উড়ে আসছে ডিম। কিন্তু এবারে দেখা গেল অভিনব প্রতিবাদ। স্থানীয় তৃণমূল নেতাকে রীতিমতো জামাই আদর করে খাওয়ানো হল অমলেট। অমলেট খাইয়ে জানতে চাওয়া হয় হাতিয়ে নেওয়া টাকার কথা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। 


জমির পাট্টা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর শিপুল সাহার বিরুদ্ধে। শনিবার রাতে তাঁকে না পেয়ে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় এক তৃণমূল নেতাকে ডিমের ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের। পাশাপাশি বিক্ষোভও দেখান এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মহানন্দা কলোনি এলাকায়। 


স্থানীয়দের অভিযোগ, প্রায় চার বছর আগে মহানন্দা কলোনি, বীরভানপুর ও সংলগ্ন এলাকার বহু মানুষের কাছ থেকে সরকারি জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও কেউ জমির পাট্টা পাননি, এমনকি তাঁদের দেওয়া টাকাও ফেরত মেলেনি। শনিবার রাতে মহানন্দা কলোনির এক শিক্ষকের বাড়ি থেকে পাট্টা সংক্রান্ত বেশ কিছু পূরণ করা ফর্ম উদ্ধার হয়েছে বলে দাবী করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি প্রতিকূল বুঝে কিছু তৃণমূল নেতা ওই ফর্মগুলি সেখানে রেখে গিয়েছিলেন। এই সংক্রান্ত ভিডিও সমাজমাধ্যমেও ভাইরাল হয় (যদিও এর সত্যতা যাচাই করেনি প্রেসকার্ড নিউজ)। 


এরপরই ক্ষুব্ধ বাসিন্দারা হাতে সেই ফর্ম ও ঝাঁটা নিয়ে প্রতিবাদে সামিল হন। এলাকায় ডেকে আনা হয় শিপুল সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা সুকুমার চক্রবর্তীকে। বিক্ষোভকারীরা তাঁকে ডিমের ওমলেট খাইয়ে জমির পাট্টার নামে সংগৃহীত টাকার হিসাব জানতে চান। যদিও সুকুমার চক্রবর্তী দাবী করেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না এবং বিষয়টি সম্পর্কে শিপুল সাহাই বিস্তারিত বলতে পারবেন। তিনি বলেন, কাউন্সিলর অফিস পর্যন্ত সব কাগজ তিনি পৌঁছে দিয়েছিলেন, এরপরের কথা তিনি আর বলতে পারবেন না।

No comments:

Post a Comment

Post Top Ad