কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার সিজিও কমপ্লেক্সে দীর্ঘ ১১ ঘন্টার বেশি তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। রাত ১০টার পর এদি সিজিও থেকে বেরিয়ে আসেন অভিষেক। আর এও বলে যান, তাঁকে আবার ডাকলে তিনি তদন্তে সাহায্য করতে উপস্থিত হবেন।
একইসঙ্গে এদিন বিজেপিকেও নিশানা করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “এই মামলায় আমাকে শেষবার ডাকা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তার আগেও ডাকা হয়েছে। সবমিলিয়ে আমাকে ১০-১২ বার জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আমার সামর্থ্য অনুযায়ী, সাহায্য করেছি।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক চাপ রয়েছে কি না, তা নিয়ে আমি যাব না। কারণ বিজেপিকে নিয়ে যত কম বলা যায়, তত ভালো। তাঁর কারণ একদিকে যেমন দল ভাঙানি খেলা, অন্যদিকে বিরোধী শক্তি যারা মাথা নত না করে লড়াই করছে, তাঁদের দমন করা, তাঁদের ধমকানো চমকানো, কীভাবে ভেঙে তাঁদের গুঁড়িয়ে দেওয়া যায়, বিরোধীশূন্য করা যায়, সে চেষ্টাই গত একমাস ধরে করা হয়েছে।”
তিনি বলেন, "দল ভাঙানো, বিধায়ক-সাংসদ ভাঙানো এসব করে কোনও লাভ নেই। তিনি বলেন, এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা। কিন্তু আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না। আমরা লড়াই করার লোক। আমাকে বিগত দিনেও ডেকেছে। আমি এসেছি। আমি আগামী দিনেও আসব।"
উল্লেখ্য, এদিন সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন অভিষেক। ইডি সূত্রে খবর, মধ্যাহ্নভোজ ও সন্ধ্যায় টিফিনের জন্য কিছুটা সময় দেওয়া হয় তৃণমূলের সেনাপতিকে। বাকি সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে, এদিন জিজ্ঞাসাবাদের পর আপাতত আর তলব করা হয়নি তাঁকে।

No comments:
Post a Comment