কলকাতা: ডিজে মন্তব্যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা। সিআইডির আবেদনে সাড়া দিয়ে এই নির্দেশ দিয়েছে আদালত। এবারে নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ।সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই বৃহস্পতিবার হাইকোর্টে মামলার আবেদন করেন তাঁর আইনজীবী। বিচারপতি কৌশিক চন্দ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী ২৯ জুন এই মামলার শুনানি হওয়ার কথা।
উল্লেখ্য, ভোট প্রচারে অভিষেক বলেছিলেন, ৪ মে-র পরে ডিজে বাজানো হবে। তাঁর বক্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ তুলে মামলা দায়ের হয়। তদন্তভার নেয় সিআইডি। তারা অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার কথা বলে। নমুনা নেওয়ার জন্য বিধান নগর আদালতে আবেদন করেছিল সিআইডি আর আদালত সেই আবেদন মঞ্জুরও করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ জুন সশরীর হাজিরা দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদকে তাঁর কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতেই এই নমুনা রেকর্ড করা হবে।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। সূত্রে খবর, আদালতে অভিষেকের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, যে কণ্ঠস্বরের কথা বলা হচ্ছে, তা যে তাঁরই, তা তিনি অস্বীকার করেননি। আইনজীবী প্রশ্ন তোলেন, যখন তিনি নিজেই স্বীকার করেছেন যে ওই কণ্ঠস্বর তাঁর, তাহলে পুনরায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন কেন? এই যুক্তির ভিত্তিতে বিচারপতি চন্দ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।
অভিষেকের ডিজে মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ তুলে তাঁর নামে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। পরে শিলিগুড়িতেও একটি অভিযোগ দায়ের হয়। এ সংক্রান্ত মামলার তদন্তভার নেয় সিআইডি। এই মামলায় অভিষেককে ভবানী ভবনে তলব করা হয়েছিল ১৬ জুন। হাজিরাও দেন তিনি। প্রায় সাড়ে ৬ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, এই ভাষণের ভিডিয়ো আপলোডের নেপথ্যে কার ভূমিকা ছিল, তা জানতে অভিষেকের পিসতুতো বোন আদিতি গায়েনের বাড়িতে গিয়ে তাঁকেও প্রায় এক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
এরপর এই মামলার তদন্তের স্বার্থেই মঙ্গলবার সিআইডি অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আবেদন জানিয়ে বিধাননগর আদালতের দ্বারস্থ হয়। আদালত সেই আবেদন মঞ্জুরও করেছে। সেই নির্দেশের ভিত্তিতে, বুধবার রাতে সিআইডি-র একটি দল অভিষেকের কালীঘাটের বাসভবনে গিয়ে তাঁকে নোটিশ দেয়। জানানো হয়, আগামী মঙ্গলবার অর্থাৎ ৩০ জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। সিআইডির এই পদক্ষেপের বিরুদ্ধেই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। হাইকোর্ট এই বিষয়ে এখন কী রায় দেয়, সেটাই দেখার।

No comments:
Post a Comment