নিজস্ব সংবাদদাতা, হুগলি: তৃণমূলের উপপ্রধানকে জুতোর মালা পরিয়ে খুঁটিতে বেঁধে রাখলেন বিক্ষুব্ধ জনতা। কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হল এলাকায়। ভাইরাল ভিডিও। এবারে তীব্র জনরোষের শিকার তৃণমূলের উপপ্রধান। প্রকাশ্য দিবালোকে কোমরে দড়ি বেঁধে ভরা রাস্তায় ঘোরানো হল তৃণমূল নেতাকে। শুধু তাই নয়, জুতোর মালা পরিয়ে খুঁটিতে বেঁধে রাখা হল তৃণমূলের উপপ্রধানকে। মাথায় ফাটানো হল ডিম। সেইসঙ্গে উঠল চোর স্লোগান।
হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েত। ওই পঞ্চায়েতের উপপ্রধান অদ্বৈত দাস। একাধিক বিষয়ে তার প্রতি ক্ষোভ জমা হয়েছিল এলাকাবাসীর। তবে তৃণমূল জামানায় তাঁর বিরুদ্ধে মুখ খুলতে পারেননি কেউ। সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক বেচারাম মান্না ঘনিষ্ঠ বলেই পরিচিত এই অদ্বৈত।
স্থানীয় সূত্রে খবর, রাজ্যে পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। আর মানুষের মনে সাহসও এসেছে। স্থানীয়দের দাবী, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার বহিঃপ্রকাশ এই ঘটনা। এতদিন এলাকায় তোলাবাজি, হুমকি-সহ একাধিক দুর্নীতি চালিয়েছেন এই তৃণমূল নেতা। এতদিন মানুষ মুখ বুঝে থাকলেও এবারে জনরোষ আছড়ে পড়েছে তৃণমূলের উপপ্রধানের ওপরে।
রাজ্যে পালাবদলের পর থেকেই দিকে দিকে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। কোথাও তোলাবাজির অভিযোগ আবার কোথাও কাটমানি নেওয়া থেকে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠছে। সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলাতেও একাধিক তৃণমূল নেতৃত্বকে ইতিমধ্যেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। আবার একাধিক জায়গায় সাধারণ মানুষের জনরোষ আছড়ে পড়ছে তৃণমূল নেতাদের ওপরে। কোথাও ডিম থেরাপি দেওয়া হচ্ছে আবার কোথাও কান ধরে ওঠবস করানো হচ্ছে তৃণমূল নেতৃত্বকে।
সোমবার সিঙ্গুরে দেখা গেল এই ছবি। পঞ্চায়েতের উপপ্রধানকে খুঁটিতে বেঁধে রাখল ক্ষিপ্ত জনতা। তাঁর মাথায় চলল ডিম থেরাপি। গলায় পড়ানো হলো জুতোর মালা। সিঙ্গুরের নান্দা বাজার এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো রাস্তায়।

No comments:
Post a Comment