অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে অরূপকে শোকজ, জবাবে তিন পাতার চিঠি প্রাক্তন মন্ত্রীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 22, 2026

অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে অরূপকে শোকজ, জবাবে তিন পাতার চিঠি প্রাক্তন মন্ত্রীর


কলকাতা: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে ব্যাঙ্ককে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেই মতো ব্যাঙ্কও দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ। তাঁর এহেন পদক্ষেপের পরেই টালিগঞ্জের প্রাক্তন বিধায়ককে শোকজ করেছে জোড়াফুল শিবির, বলা ভালো মমতার তৃণমূল। এরপরেই শোকজের পাল্টা চিঠিতে বিস্ফোরক দাবী করলেন অরূপ। শোকজের কড়া জবাব দিয়ে তিন পাতার চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে একাধিক বিস্ফোরক দাবী করেছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। অরূপের চিঠিতে আরও বিড়ম্বনায় পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। 


তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ। শোকজের জবাবে লেখা তিন পাতার চিঠিতে ছত্রে ছত্রে দলকে তুলোধনা করেছেন তিনি। সূত্রের খবর, চিঠিতে অরূপ লিখেছেন, কোনও তথ‍্য না দিয়েই বিভিন্ন সময়ে চেকে সই করিয়ে নেওয়া হয়েছে। কোথায় টাকা গিয়েছে, কেন টাকা নেওয়া হচ্ছে, কিছুই তাঁকে জানানো হয়নি। অর্থাৎ কোষাধ্যক্ষ হয়েও তিনি জানতে পারেননি, দলের টাকা কোথায় ব্যবহার করা হয়েছে।


চিঠিতে তিনি জানিয়েছেন, দলের তহবিলের টাকা কোন কাজে ব‍্যবহার হয়েছে, তা তিনি জানেন না। এইসব কারণেই তিনি দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চিঠি দিয়েছিলেন বলে শোকজের জবাবে জানিয়েছেন অরূপ। যুবভারতীতে মেসি কাণ্ড ঘিরে যখন অরূপ বিশ্বাসের বিপদ বাড়ছে, তখন তৃণমূল কংগ্রেসের টাকা খরচ নিয়ে একাধিক গুরুতর দাবী করলেন প্রাক্তন মন্ত্রী। দলীয় সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৫৩৪ কোটি টাকা রয়েছে। 


অরূপ বিশ্বাসকে সরিয়ে বর্তমানে মমতার তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ করা হয়েছে শুভাশিস  চক্রবর্তীকে। এহেন পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে অরূপের গতিবিধি নিয়ে। ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের উদ্যোগে বিদ্রোহী তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন অরূপ। 


টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক বিক্ষুব্ধদের সঙ্গে যোগ দেবেন কি না, তা নিয়ে জল্পনা ক্রশই বাড়ছে। মেসিকাণ্ডে একাধিকবার তলব এড়ানোর পর তদন্তকারীদের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এখন তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা চলছে। তবে শোকজের জবাবে লেখা চিঠিতে অরূপ জানিয়েছেন, তিনি দলেই রয়েছেন। পাশাপাশি বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের কথায়, 'অরূপ বিশ্বাস দলের বাইরে গিয়েছেন বলে তো খবর পাইনি।'

No comments:

Post a Comment

Post Top Ad