১৮ বছরের উর্ধ্বে 'আধার' নয়, বড় সিদ্ধান্ত আসাম সরকারের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, June 13, 2026

১৮ বছরের উর্ধ্বে 'আধার' নয়, বড় সিদ্ধান্ত আসাম সরকারের

 


ন্যাশনাল ডেস্ক, ১৩ জুন ২০২৬: ১৮ বছরের বেশি বয়সীদের আধার কার্ড দেওয়া বন্ধ। এমনই সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। তবে, তফসিলি উপজাতি (এসটি), তফসিলি জাতি (এসসি) এবং চা বাগান সম্প্রদায়ের মানুষেরা ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত আধার কার্ড পেতে থাকবেন। শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানিয়েছেন।


মন্ত্রিসভার বৈঠকের বিস্তারিত বিবরণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আসাম মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে, ১৮ বছরের বেশি বয়সী কাউকে আধার কার্ড দেওয়া হবে না। তবে, এসটি, এসসি এবং চা বাগান সম্প্রদায়ের মানুষেরা ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত আধার কার্ড পেতে থাকবেন।”



মুখ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান যে, আবেদনকারী আধার কার্ডের জন্য যোগ্য কি না, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। রাজ্যে আধার কার্ড প্রদান প্রক্রিয়া এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রায় সকল যোগ্য ব্যক্তিকে আধার কার্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, "কিছু জেলায় এই সংখ্যা ১০০ শতাংশ ছাড়িয়ে গেছে এবং কারা এই অতিরিক্ত আধার কার্ড তৈরি করছে, তা আমাদের খুঁজে বের করতে হবে।" মুখ্যমন্ত্রী বলেন, কোনও অবৈধ বাংলাদেশি যাতে আধার কার্ড না পায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হচ্ছে।


এই সিদ্ধান্তের পাশাপাশি, রাজ্য সরকার একটি বড় নগর উন্নয়ন প্রকল্পও অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, মন্ত্রিসভা গুয়াহাটি মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (জিএমডিএ) এলাকার মধ্যে গুয়াহাটি স্যাটেলাইট সিটি প্রকল্পটি অনুমোদন করেছে।


উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, আধার কার্ড দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার খুব কঠোর হবে এবং আসামে এই নথিটি পাওয়া কঠিন হবে। গত বছর তিনি বলেছিলেন, বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন রোধ করার প্রচেষ্টার অংশ হিসেবে আসাম সরকার প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়ার জন্য আরও কঠোর নিয়মকানুন বিবেচনা করছে।


প্রসঙ্গত, এর আগে শুক্রবার, নয়াদিল্লীতে নীতি আয়োগের উদ্যোগে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সঙ্গে এক বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মা 'ভৌগোলিক সমতা'র ওপর ভিত্তি করে একটি উন্নয়ন মডেলের পক্ষে মত দেন।

No comments:

Post a Comment

Post Top Ad