নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন বারাসত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে বারাসতের কৈবর্ত পাড়ার বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিনি পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান। ভাইস চেয়ারম্যান-সহ আরও ৮ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুনীল মুখোপাধ্যায় জানান, নতুন রাজ্য সরকার উন্নয়নকে সামনে রেখে যে পরিকল্পনা ও ভাবনা নিয়ে এগোতে চাইছে, সেই উদ্যোগকে স্বাগত জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, নতুন নেতৃত্বের হাতে পুরসভার দায়িত্ব গেলে নাগরিক পরিষেবা আরও উন্নত হবে।
পাশাপাশি তিনি বলেন, 'প্রায় দেড় মাস ধরে পৌরসভায় কোনও কাউন্সিলর উপস্থিত হচ্ছেন না। তাঁদের নানা অপকর্মের হিসাব দিতে হচ্ছে আমাকে। এই বয়সে সেই চাপ আমি নিতে পারছি না। আমার সাথে ভাইস চেয়ারম্যান সহ আরও ৮ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। বাকিরা আগামীকাল থেকে বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ করার কথা রয়েছে' তবে, তিনি আশাবাদী নাগরিক পরিষেবার পাশাপাশি পৌর এলাকার উন্নয়নের কাজ নতুন সরকার অব্যাহত রাখবে। তাঁর এই পদত্যাগের জন্য বারাসত পৌর এলাকার বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।
জানা গিয়েছে, সুনীল মুখোপাধ্যায়ের সঙ্গে পদত্যাগ করেছেন ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত, প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়-সহ মোট আটজন কাউন্সিলরও।
উল্লেখ্য, সুনীল মুখোপাধ্যায় ২০১০ থেকে ২০২২ পর্যন্ত বারাসত পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন । ২০২৩ সালে বারাসত পৌরসভার নির্বাচনে নতুন বোর্ড গঠন করার সময় চেয়ারম্যান পদ থেকে সুনীল মুখোপাধ্যায়কে সরিয়ে বারাসত পৌরসভার চেয়ারম্যান করা হয় তৎকালীন খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ ঘনিষ্ঠ অশনি মুখোপাধ্যায়কে। তাঁর সাড়ে ৩ বছর শাসন কালে পৌরসভায় পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে। বিধানসভা নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোলের জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরিয়ে দেওয়া হয় অশনি মুখোপাধ্যায়কে এবং ২০২৫ সালের ৭ নভেম্বর ফের চেয়ারম্যান পদে ফিরে আসেন সুনীল মুখোপাধ্যায়।বিগত ৭ মাস বারাসত পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি।
তৃণমূল কংগ্রেস সরকারের পতনের পর নতুন বিজেপি সরকারের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে নৈতিক দায়ভার স্বীকার করে তাঁর এই পদত্যাগের ঘোষণা। আগামী দিনে বারাসত পৌরসভার নাগরিক পরিষেবার ক্ষেত্রে বাসিন্দারা যে অথৈ জলে পড়বেন না সেই আশাও ব্যক্ত করেন তিনি। সুনীল মুখোপাধ্যায় জানান, যাঁরা আগামী দিনে দায়িত্ব নেবেন, তাঁরা নিশ্চয়ই মানুষের প্রত্যাশা পূরণ করবেন এবং পুরসভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।

No comments:
Post a Comment