'এরপর কোনদিন শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড', কটাক্ষ রাহুল সিনহার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, June 23, 2026

'এরপর কোনদিন শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড', কটাক্ষ রাহুল সিনহার


কলকাতা: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিৎ অবিলম্বে রাজনীতি থেকে অবসর গ্রহণ করা', এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও। শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকেও কটাক্ষ করেন তিনি।

 

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভবানীপুরের বাসভবন সংস্কার হয়নি গত ১৫ বছরে। এই প্রসঙ্গে তিনি বলেন, "শ্যামাপ্রসাদকেই মুছে ফেলার জন্য কংগ্রেস, কমিউনিস্ট এবং তৃণমূল কাজ করে গেছে এতদিন।‌ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ইতিহাসের পাতা থেকে এরা মুছে ফেলতে চেয়েছে। কিন্তু চাইলেই কী হবে!" এ প্রসঙ্গে গীতায় শ্রীকৃষ্ণের বাণী 'সত্যকে কিছু সময়ের জন্য চেপে রাখা গেলেও চিরদিনের জন্য যায় না', স্মরণ করান রাহুল সিনহা। 


তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের স্রষ্টা পশ্চিম বাংলার রূপকার যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেটা কি চেপে রাখতে পারল! আজ প্রধানমন্ত্রী আসার পর সারা বিশ্ব জানতে পারল যে পশ্চিমবাংলার জন্মদিন ২০ শে জুন আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার স্রষ্টা।' তিনি আরও বলেন, "আর দু'দিন পরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস। মৃত্যু নয়, যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন।" 


রাহুল সিনহা বলেন," অনেক বিপ্লবী দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাঁদের মধ্যে অনন্য, কারণ স্বাধীন ভারতের প্রথম যদি কোনও শহীদ হয়ে থাকেন দেশের জন্য, তাঁর নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানোর জন্য তিনি জীবন দিয়েছেন।" 


বিজেপি সাংসদ বলেন, "আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণ জন্মদিন। দেশজুড়ে দিনটি ধুমধামের সঙ্গে পালিত হবে।" তিনি জানান, রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে ৬ জুলাই ১০ টা থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। 


মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকেও কটাক্ষ করেন বিজেপি নেতা। নতুন তৃণমূলের চেয়ারপারসন অরূপ রায়, এই প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, "আমি তো আগেই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ থাকবেন না। আর সেই পরিণতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তখনই বলেছিলাম, আপনি যে তৃণমূলের সাইনবোর্ড টা লাগিয়েছিলেন, নিজেই খুলে ফেলুন সম্মান বেঁচে যাবে। কিন্তু উনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। তিনি স্বঘোষিত মুখ্যমন্ত্রী।"


রাহুল সিনহা বলেন, "এখনও সময় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান বাঁচানোর। নইলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড, এরপর কোনদিন শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড। কিছু করতে পারবেন না কারণ গণতন্ত্রে সংখ্যা তত্ত্ব শেষ কথা। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিৎ অবিলম্বে রাজনীতি থেকে অবসর গ্রহণ করা। রাজনীতি থেকে অবসর গ্রহণ করলে অন্তত সম্মান কিছুটা বেঁচে যাবে বলে মনে হয়।"


প্রসঙ্গত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ অনেকে। মঙ্গলবার সকালে সেখানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ ছিলেন শর্বরী মুখোপাধ্যায় এবং অন্যরাও। 

No comments:

Post a Comment

Post Top Ad