কলকাতা: সোমবার খোদ তৃণমূল সুপ্রিমোকেই সরিয়ে দিয়ে বিশেষ অবিধেশন সেরেছে ঋতব্রতর নেতৃত্বাধীন 'নতুন তৃণমূল'। এরপরেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান-সহ একাধিক নেতা-নেত্রীকে শোকজ করল মমতার তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 'নতুন' তৃণমূলে রয়েছেন তাঁরা। সোমবার এই ‘নতুন’ তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকও হয়েছে। এর কিছু সময় পরেই জানা যায়, মমতার তৃণমূলের তরফ থেকে তাঁদের শোকজ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন-সহ অন্যান্যরা। জানা গিয়েছে, দল বিরোধী কাজের জন্য তাঁদের শোকজ নোটিশ ধরানো হয়েছে।
‘নতুন’ তৃণমূলে গিয়ে খোদ সুপ্রিমোর চেয়ারেই টান! অন্দরের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে এই মুহূর্তে যারা রয়েছেন, সেই একগুচ্ছ নেতাকেই শোকজ করা হয়েছে। তৃণমূলের অন্দরে বিদ্রোহ হওয়ার পরেই পুরনো সব কমিটি ভেঙে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শৃঙ্খলারক্ষা-সহ অন্যান্য কমিটি নতুন করে গঠন করা হয়। তারপরেও দলে মুষলপর্ব ও ভাঙন বন্ধ করতে ব্যর্থ মমতা। এবার সেই শৃঙ্খলারক্ষা কমিটিই বিদ্রোহীদের শোকজ করল।
উল্লেখ্য, সোমবার বিকেলে ঋতব্রতর নেতৃত্বে নিউটাউনের নামী পাঁচতারা হোটেলে বিশেষ অধিবেশন হয়েছিল। হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কাউন্সিলররাও। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র তথা কলকাতার ৮৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুও। শুধু তাই নয়, এদিনই ঘোষণা হয় নতুন জাতীয় কর্মসমিতি।
এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। জাভেদ খানও দলের গুরুত্বপূর্ণ মুখ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। ঘটনাচক্রে তাঁদের সকলেই এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 'নতুন’ তৃণমূলে। আরও নতুন নাম আগামী দিনে যুক্ত হতে পারে, সেই ইঙ্গিতও এদিন দিয়েছেন ঋতব্রত। শুধু তাই নয়, নতুন কমিটিতে মমতার স্নেহধন্য অরূপ রায়কে চেয়ারম্যান পদে রাখা হয়েছে।
একসময়ে মমতার আশেপাশে যারা ঘুরতেন, যাঁরা তাঁর দলের শুরুর থেকে সঙ্গী ছিলেন, নির্বাচনে ভরাডুবির পর তাঁরাই কিনা মমতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন! এমনকি ঋতব্রতর 'নতুন' তৃণমূলে নাম লিখিয়েছেন তাঁরা। আর এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে যথেষ্ঠ চ্যালেঞ্জের, একেবারেই উড়িয়ে দিচ্ছেন না ওয়াকিবহাল মহলের বড় একটা অংশ।

No comments:
Post a Comment