বাড়ি নাকি স্বর্ণখনি! সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে মিলল ৪ কোটির সোনা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, June 23, 2026

বাড়ি নাকি স্বর্ণখনি! সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে মিলল ৪ কোটির সোনা


নদিয়া: সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে 'সোনার খনি'! ৪ কোটি টাকার বেশি সোনা উদ্ধার পুলিশের। বিধাননগরের প্রাক্তন মেয়র তথা এক সময়ের দাপুটে তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সূত্র ধরে এবার তাঁর ঘনিষ্ঠ নেত্রীর বাড়িতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। সোমবার রাতভর তল্লাশি চালিয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার তেহট্টের বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৩ কেজি সোনার গয়না, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষের বেশি বলে অনুমান তদন্তকারীদের। সমস্ত সোনা বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করছে বিধাননগরের পুলিশ। এদিন রাতে তোলাবাজি মামলায় ধৃত সব্যসাচীকে নিয়ে তল্লাশির পরেই এই ঘটনা প্রকাশ্যে আসে।


চলতি মাসের গোড়ার দিকে তোলাবাজি, বেআইনি সম্পত্তি-সহ একাধিক অভিযোগে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে গ্রেফতার হন প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ছাব্বিশের ভোটে তিনি বারাসতের প্রার্থী হয়েছিলেন, তবে পরাজিত হয়েছেন। এরপরই তাঁর গ্রেফতারি ও জেলযাত্রা। সব্যসাচীর নানা বেআইনি সম্পত্তির হদিশ পেতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিনি মূলত তোলাবাজি ও কালো টাকা দিয়ে প্রচুর সোনা কিনেছেন। 


সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট ও ব্যাঙ্কের লকার থেকে সেসব সোনা কেনার রসিদ হাতে এসেছিল তদন্তকারীদের। উদ্ধার হয় প্রায় সাড়ে ৩ কেজি সোনাও। পরে সেই সূত্র ধরেই দেখা যায়, শুধু নিজেই নন, প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠদেরও সোনা কিনতে সাহায্য করেছেন সব্যসাচী। তাঁকে জেরা করে পাওয়া একাধিক তথ্য হাতে নিয়ে সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টে তল্লাশি চালায় বিধাননগর পুলিশ। সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে যান তদন্তকারীরা। এই নেত্রী সব্যসাচীর বেশ ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে।


এদিন টিনা ও তাঁর বাবার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। দুই বাড়ি মিলিয়ে মোট ৩ কেজি সোনা উদ্ধার হয়। হিসেবনিকেশ করে তদন্তকারীরা দেখেছেন, এর বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষের বেশি। যদিও সেসময় তৃণমূল নেত্রী বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে। 


টিনার খোঁজে তল্লাশি শুরু করেছে বিধাননগর থানার পুলিশ। তবে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনার গয়নার মালিকানা নিয়েও ধোঁয়াশা রয়েছে। গয়নাগুলি তাঁর ব্যক্তিগত সম্পত্তি কি না, নাকি অন্য কোনও সূত্রে সেখানে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

No comments:

Post a Comment

Post Top Ad