জলপাইগুড়ি: রবির সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা এনবিএসটিসি বাসের। এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। ময়নাগুড়ি উল্লাডাবরি এলাকায় ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পাশাপাশি ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণ।
এদিন শিলিগুড়ি থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই এনবিএসটিসি বাসটি। কিন্তু ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে, বাসটি সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। কিছু অংশ ভেঙে চুরমার হয়ে রাস্তায় পড়ে যায়। জাতীয় সড়কের উল্লাডাবরি ফ্লাইওভারের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২৯ জন আহত হয়েছে বলে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের সরকারি বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুল্যান্স। এরপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। যদিও ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে নামে স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।
এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন তিনি।
এদিন এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, 'আজ ময়নাগুড়ির এনএইচ-২৭-এর উল্লাডাবরি জোড়াবাঁধ এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল এবং আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি। সেইসঙ্গে উদ্ধারকার্য তদারকির জন্য মুখ্যমন্ত্রী নিজে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন।

No comments:
Post a Comment