কলকাতা: যোগ দিবসে আরও শক্তিশালী ভারতের নৌসেনা। আরও তিনটি যুদ্ধজাহাজ জলে নামল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। আজ, রবিবার ভারতীয় নৌসেনার সঙ্গে যুক্ত হল আরও তিনটি জাহাজ , যা কিনা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ বন্দরে এদিন এক অনুষ্ঠানের আয়োজন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সেখানেই এই তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নৌসেনার আধিকারিক-সহ বিশিষ্টরা। শুক্রবার নৌসেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, এই তিন জাহাজ সমুদ্র যুদ্ধের পাশাপাশি হাইড্রোগ্রাফিক জরিপ এবং অ্যান্টি সাবমেরিন ক্ষমতাসম্পন্ন। তিনটি জাহাজই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। জাহাজগুলি ডিজাইন করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। নির্মাণকাজ সম্পন্ন হয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) দ্বারা।
প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পর সমুদ্রে একযোগে কাজ চালাবে জাহাজগুলি। দেশের জলসীমা রক্ষায় এই তিন জাহাজ নৌসেনার ভরসার হয়ে উঠতে চলেছে। এই তিন যুদ্ধজাহাজ হল যথাক্রমে আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় ও আইএনএস সংশোধক। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই তিনটি যুদ্ধজাহাজ। এই তিনটি যুদ্ধজাহাজের মধ্যে গাইডেড মিসাইল ফ্রিগেট 'দুনাগিরি', ডুবোজাহাজ-বিরোধী অগভীর জলের যুদ্ধজাহাজ 'অগ্রয়' এবং জরিপ জাহাজ 'সংশোধক'।
সেনা সূত্রে জানা যাচ্ছে, তিন জাহাজের মধ্যে দুনাগিরি প্রজেক্ট ১৭এ স্টেলথ ফ্রিগেটগুলোর একটি। অত্যাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত এই ফ্রিগেট ব্রহ্মস বহনে সক্ষম। যা ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ করতে সক্ষম। আইএনএস সংশোধক হল দেশের চতুর্থ বৃহত্তম জরিপ জাহাজ, উপকূলীয় ও গভীর জলের হাইড্রোগ্রাফিক জরিপ এবং প্রতিরক্ষা ও বেসামরিক ক্ষেত্রে তথ্য সংগ্রহে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এটি এবং অগ্রয় হল আর্নালা শ্রেণির চতুর্থ অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ। অগভীর সমুদ্রে শত্রুকে নিঃশেষ করতে এর জুড়ি নেই। সমুদ্রের নিচ থেকে আসা যে কোনও হুমকি মোকাবিলার জন্য টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং অগভীর জলের সোনার সিস্টেমে সজ্জিত।
বিশেষজ্ঞরা বলছেন, এই তিন যুদ্ধজাহাজ ভারতের নৌ-আধুনিকীকরণ অভিযানকে আরও জোরদার করবে। এবং এই তিনটি প্ল্যাটফর্ম জলের উপর যুদ্ধ, ডুবোজাহাজ-বিরোধী অভিযান এবং হাইড্রোগ্রাফিক জরিপের মতো ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে। বাংলা থেকেই আত্মনির্ভর, সুরক্ষিত ভারতের কার্যক্রম হচ্ছে। প্রতিরক্ষায় শক্তিশালী হতে গেলে জলপথে শক্তিধর হতেই হবে।'
এদিন তিনটি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আজ ভারত আর শুধু ক্রেতা নয়, এটি বহু দেশের কাছে আধুনিক অস্ত্র তৈরি ও বিক্রি করছে এবং দেশীয় শক্তিও গড়ে তুলছে।'

No comments:
Post a Comment