নিজস্ব সংবাদদাতা, নদিয়া: বাস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ টোটো চালকদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং বাসকর্মীদের নিরাপত্তার দাবীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস বাসকর্মীদের। একাধিক গুরুত্বপূর্ণ রুটে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার সকাল থেকেই চরম হয়রানি শিকার নিত্য যাত্রীরা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বাস স্ট্যান্ডের।
জানা যায়, শান্তিপুরের বাসকর্মী চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে কিছু টোটো চালক। অভিযোগ, শান্তিপুরের কয়েকজন টোটোচালক চিরঞ্জিত বিশ্বাসকে বেধড়ক মারধর করে। এরপর গুরুতর আহত অবস্থায় থাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। এরপরই বাসকর্মীরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
সূত্রের খবর এর আগেও বাস চালকদের সঙ্গে টোটো চালকদের যাত্রী নিয়ে সমস্যার সৃষ্টি হয়। বাস চালকদের দাবী, যতক্ষণ পর্যন্ত না অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে, বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বাসকর্মীকে খুনের প্রতিবাদে কৃষ্ণনগর-রানাঘাট, কালনাঘাট-কৃষ্ণনগর এবং কালনাঘাট-দত্তফুলিয়া রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ সকাল থেকেই বিভিন্ন বাসস্ট্যান্ডে এই রুটের বাস সকাল থেকে বন্ধ রেখেছেন তারা। নৃসিংহপুর ফেরিঘাট দিয়ে যে সমস্ত যাত্রীরা এপারে আসছেন তাঁরা বাস না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন।
বাস কর্মীদের বক্তব্য, "আমাদের সহকর্মীকে প্রকাশ্যে মারধর করে খুন করা হয়েছে। দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস পরিষেবা স্বাভাবিক হবে না।"
স্থানীয় বাসিন্দা বিজয় ঘোষ বলেন, 'বাসকর্মীকে মারার কারণে সকাল থেকে দেখছি বাস বন্ধ করে রেখেছে। আজ সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে দেখছি।' মালদা থেকে নৃসিংহপুর ঘাটে এসেছেন বীরেন পাল। তিনি বলেন, 'এসে দেখছি সব বাস বন্ধ রয়েছে। সেই কারণে চরম সমস্যায় পড়েছি আমরা। এখন কোনও রকম ভাবে টোটো কিংবা অটো নিয়েই যেতে হবে।'

No comments:
Post a Comment