নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খেয়ে অসুস্থ ৩০ জন মা ও শিশু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নং ব্লকের আখড়াগোড়া এলাকায়। অসুস্থদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে অসুস্থদের খোঁজখবর নেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নং ব্লকের আখড়াগোড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, ওই কেন্দ্রে মা ও শিশু মিলিয়ে মোট ৬১ জনকে খিচুড়ি পরিবেশন করা হয়। খিচুড়ি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ৩০ জন অসুস্থ বোধ করতে শুরু করেন। বমি, মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তির অভিযোগ করেন বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে খবর, শিশুদের খাওয়ানোর সময়ই খাবারের মধ্যে একটি টিকটিকি দেখতে পান কয়েকজন অভিভাবক। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং অসুস্থদের দ্রুত উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সকলের শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। বর্তমানে সকলেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণগত মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, ঝাড়গ্রামের এসডিপিও সামীম বিশ্বাস, লালগড় থানার আইসি সঞ্জীব ঘোষ-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তাঁরা অসুস্থ শিশু ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি ঘটনার বিষয়ে প্রশাসনিক স্তরেও খোঁজখবর নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

No comments:
Post a Comment