বিদেশযাত্রা মামলায় হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, কী জানাল আদালত? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 29, 2026

বিদেশযাত্রা মামলায় হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, কী জানাল আদালত?


কলকাতা: হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশযাত্রা নিয়ে দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন আবারও খারিজ করে দিল আদালত। বিদেশ যাত্রার অনুমতি চেয়ে দ্বিতীয়বারের মতো দ্রুত শুনানির আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন। বিচারপতি জানান, তালিকা মেনেই শুনানি হবে, দ্রুত শুনানির প্রয়োজন নেই। 


সোমবার হাইকোর্টে অভিষেকের হয়ে মামলাটি উত্থাপন করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতে দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিদেশযাত্রার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ তা গ্রহণ করেনি। উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আবেদন করেন অভিষেক। এরপর বুধবার সেই মামলার দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি, কিন্তু তা খারিজ হয়ে যায়। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, এখনই মামলার শুনানি সম্ভব নয়। সেদিন হাইকোর্টে এসে অভিষেকের আইনজীবী বিচারপতির কাছে আর্জি জানান, তাঁর মক্কেলের আবেদনের যেন দ্রুত শুনানি করা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত শুনানি হবে না। তালিকায় যত নম্বরে অভিষেকের মামলা রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে। এদিনও সেই একই অবস্থান বজায় রাখল হাইকোর্ট। 


উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। ওই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং চোখের হাড় ভেঙে যায়। এর পর থেকেই চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও চিকিৎসা করিয়েছেন। একাধিকবার বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে তাঁর। 


বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ডে অভিষেককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এছাড়াও ডিজে মন্তব্য মামলারও তদন্ত করছে সিআইডি। অভিষেককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর আগামী ৩০ শে জুন তাঁর কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। এমতাবস্থায় অভিষেকের বিদেশ যাওয়ার আবেদনে হাইকোর্ট কী রায় দেয়, সেদিকে নজর ছিলই প্রায় সকলের। শেষমেশ দ্রুত শুনানিতে ফের 'না' শুনতেই হল তৃণমূল সাংসদকে‌।

No comments:

Post a Comment

Post Top Ad