ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বর পরীক্ষা করবে সিআইডি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, June 24, 2026

ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বর পরীক্ষা করবে সিআইডি

 


কলকাতা: ডিজে মন্তব্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই মামলার তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যেই তাঁকে এক প্রস্থর জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থাটি। এবারে কণ্ঠস্বর পরীক্ষা হবে অভিষেকের। নমুনা নেওয়ার জন্য বিধান নগর আদালতে আবেদন করেছিল সিআইডি আর আদালত সেই আবেদন মঞ্জুরও করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ জুন সশরীর হাজিরা দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদকে তাঁর কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতেই এই নমুনা রেকর্ড করা হবে। 


ছাব্বিশের ভোটে প্রচারের সময় অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল। তিনি বলেছিলেন, 'আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মত উদার নই। আইন সকলের জন্য এক। কিন্তু যেখানে এরা বেশি লাফালাফি করবে। শান্তি বজায় রেখে এবার রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। কেউ শালীনতার মাত্রা ছাড়াবেন না।” এখানেই শেষ নয়, তিনি বলেছিলেন, এমন ভাবে ডিজে বাজবে যে কান ঝালাপাল হয়ে যাবে। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে রাজীব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের তদন্তের ভার হাতে নেয় সিআইডি। এছাড়াও ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে শিলিগুড়ি সাইবার থানাতেও অভিযোগ দায়ের হয়। 


ইতিমধ্যেই সেই ঘটনার তদন্তে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে। তার পাশাপাশি বেশ কিছু ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। আরও বেশ কিছু সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করাও হয়েছে। কিন্তু সেই কণ্ঠস্বর অভিষেকেরই ছিল কি না তা প্রমাণের জন্য গলার আওয়াজের পরীক্ষা জরুরি। সেই কারণে ৩০ তারিখ ডেকে পাঠানো হয়েছে।


এই মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই অভিষেকের নির্বাচনী ভাষণের ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করেছে ও বিশ্লেষণ করেছে সিআইডি। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা হাতে এলে, সেই নির্বাচনী ভাষণের রেকর্ডিং বা ভিডিওর সঙ্গে তাঁর কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে।


এর আগে ১৬ জুন ভবানী ভবনে গিয়েছিলেন অভিষেক। তদন্তকারী আধিকারিকরা তাঁকে প্রায় সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। এই মামলার সূত্র ধরে অভিষেকের পিসতুতো বোন আদিতি গায়েনের বাড়িতে গিয়ে তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা।

No comments:

Post a Comment

Post Top Ad