উত্তর ২৪ পরগনা: করোনা কালে ত্রাতা হয়ে উঠেছিল রেড ভলেন্টিয়ার্স। আর হকার উচ্ছেদের আবহে এবার দরিদ্র ব্যবসায়ীদের স্বার্থে কমিউনিটি কিচেন খুললেন বামেরা। হাবড়ার বহু ব্যবসায়ী রাতারাতি সর্বস্ব খুইয়ে পেটের তাগিয়ে হাজির হচ্ছেন সেখানে। সিপিএমের জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর বলেন, “আমরা পাশে ছিলাম, পাশে থাকব।”
বাংলায় পালাবদলের পর থেকেই উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজ্য সরকার। রেলের এলাকা দখল করার অভিযোগে ইতিমধ্যেই অধিকাংশ স্টেশনে থাকা দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু স্টেশনে এখনও স্টল রয়েছে, তবে সেক্ষেত্রেও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে জায়গা ফাঁকা করে দেওয়ার। গত সোমবার গভীর রাতে হাবড়া প্ল্যাটফর্ম ও স্টেশন সংলগ্ন এলাকায় চলে প্রশাসনের বুলডোজার। সমস্ত দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বুলডোজার অভিযানের প্রতিবাদে সোচ্চার হয় এলাকার বাম নেতৃত্ব। কিন্তু লাভ কিছুই হয়নি। ভেঙে দেওয়া হয়েছে সমস্ত দোকান। এমনকি বামেদের একটি দলীয় কার্যালয় ও ভাঙা হয়েছে বলে অভিযোগ।
অধিকাংশ গুমটি দোকানেই প্রতিদিন যৎসামান্য যা আয় হত, তা দিয়েই কোনওক্রমে চলত সংসার। এই ঘটনার পর তাঁরা এখন জানেন না, কাল কী হবে! এই পরিস্থিতিতে নিজেদের মতো করে দরিদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বামেরা। জানা গিয়েছে, হাবড়া স্টেশন সংলগ্ন এলাকায় কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে রান্না করা খাবার। বামেদের এই উদ্যোগে খুশি অসহায় পরিবারগুলো।
এ প্রসঙ্গে সিপিএমের জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর বলেন, “কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হকার, ব্যবসায়ী ও তাঁদের অসহায় পরিবারের জন্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কমিউনিটি কিচেন থেকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। আমরা দলীয় ভাবে অসহায় পরিবারের পাশে আছি।”

No comments:
Post a Comment