পূর্ব মেদিনীপুর: বৃদ্ধা মাকে খুন। এখানেই শেষ নয়, মুণ্ডু কেটে পুকুরে ফেলে দিলেন গুণধর ছেলে। পূর্ব মেদিনীপুরে কোলাঘাট থানার অন্তর্গত কাঁউরচন্ডী গ্রামে বুধবার ভোর চারটে নাগাদ ঘটেছে এই নৃশংস ঘটনা। মৃতার নাম ভারতী চক্রবর্তী, বয়স ৬৫ বছর। কী কারণে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড, সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ছেলে বাসুদেবের সঙ্গে থাকতেন ভারতী চক্রবর্তী। অভিযোগ, এদিন ভোরে বৃদ্ধা মাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করে ছেলে বাসুদেব চক্রবর্তী। দেহ থেকে মাথা আলাদা করে দেয়। এরপর কাটা মাথাটিকে একটি বস্তায় ভোরে বাড়ির পাশের একটি পুকরে ফেলে দেয়।
এদিকে ঘরের মধ্যেই পড়েছিল মায়ের মুণ্ডুহীন রক্তাক্ত দেহ! আর ঘটনাটি বেশিক্ষণ চাপা থাকেনি। স্থানীয়রা বিষয়টি জানতে পারে এবং খবর দেওয়া হয় কোলাঘাট থানায়। দ্রুত বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাসে বাসুদেব মাকে খুনের কথা স্বীকার করেছেন বলে খবর। পুকুর থেকে বৃদ্ধার কাটা মাথাটি উদ্ধার হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ।
তবে, কী কারণে এই ভয়ঙ্কর কাণ্ড? পরিবারের লোক ও এলাকাবাসী জানিয়েছেন, ছেলেটি মানসিক ভারসাম্যহীন। পুলিশ এই দিকটি খতিয়ে দেখছে। যে ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে, তদন্তের স্বার্থে সেটি সিল করে দিয়েছে কোলাঘাট থানার পুলিশ। এদিকে এলাকাবাসীর দাবী ছেলেকে ফাঁসির সাজা দেওয়া হোক।

No comments:
Post a Comment