শিলিগুড়ি: 'তৃণমূল একটা গ্যাং ছিল', উত্তরবঙ্গ সফরে এসে এভাবেই রাজ্যের প্রাক্তন শাসক দলকে নিশানা করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার কলকাতা থেকে সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির অলিন্দে এই নিয়ে জোর জল্পনা। এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মমতার কংগ্রেসে যোগের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, "করতে দিন তারপর বলব। যাবেন আর কোথায়! ঘুরে-ফিরে কংগ্রেসেই যেতে হবে।"
বিদ্রোহী ১৯ সাংসদের তালিকায় ইউসুফ পাঠান, সায়নী ঘোষের নাম, এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, "পুরো স্কোর হয়ে যাক, তারপর বলব। এখন তো সবে শুরু হয়েছে।" তৃণমূলের সঙ্কট নিয়ে তাঁর বক্তব্য, "যারা জানতেন না, তাঁরা এখন অবাক হচ্ছেন। আমি তো আগেই বলেছিলাম যেদিন হেরে যাবেন, দলটাই শেষ হয়ে যাবে। তৃণমূলের নেতাদের জনগণ দৌড় করিয়ে করিয়ে মারবেন। এখন মারছেন তো! এটাই লেখা ছিল।"
দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল একটা গ্যাং ছিল। কিছু ধান্দাবাজ লোক এসেছিলেন। যেই হেরেছে, ধান্দা হবে না, চলে যাচ্ছে। এই দলটার ভবিষ্যৎ নাই আর বাংলার ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে।"
উত্তরবঙ্গ সফর সম্পর্কে মন্ত্রী বলেন, 'মহকুমা পরিষদের আমাদের কোনও পরিকাঠামো নেই। নির্বাচন হয়েছে, প্রতিনিধি আছেন। সেই ব্যাপারেই মিটিং আছে এখানে। মহকুমা পরিষদ আমরা প্রস্তুত করব।' এছাড়াও তাঁর আরও কিছু কর্মসূচি রয়েছে বলেও জানান দিলীপ ঘোষ।

No comments:
Post a Comment