কলকাতা: কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় গ্রেফতার ২। ধৃতদের নাম চন্দন সিং ও রবি কয়াল। সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার সময় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ উগরে দেন কুণাল। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। এই ঘটনায় এদিন রাতেই কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন কুণাল ঘোষ। সেই বিষয়ে সমাজমাধ্যমে পোস্টও করেছিলেন তিনি। দাবী করেছিলেন, অভিযুক্তদের গ্রেফতারের। মঙ্গলবার দুপুরে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
আর ডিম কাণ্ডে গ্ৰেফতারের পরেই কুণাল ঘোষের পোস্ট, "গতকালের ডিম বীরত্বে দুই ডিমবিপ্লবী চন্দন সিং, রবি কয়াল গ্রেফতার বলে খবর পেয়েছি। থানায় ফোন করেছিলাম, তাঁরাও বললেন গ্রেফতার। আশঙ্কার বিষয় পুলিশ লঘু ধারা দিয়ে আজই জামিন করিয়ে দেবে। থানাকে বলেছি, ওসব চলবে না। সিআইডির তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাক্ষী হিসেবে যাওয়া দুষ্কৃতী তাঁর বাড়ির সামনেই হামলা করছে, এই অভিযোগেরও তদন্ত চাই।"
সোমবার সন্ধ্যায় কালীঘাটে তৃণমূলনেত্রী মমতার বাড়িতে বৈঠকে গিয়েছিলেন কুণাল-সহ তাঁর দলের কয়েক জন শীর্ষ নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন তৃণমূল মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল। ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মাথায়-পিঠে ডিম লাগে তৃণমূল বিধায়কের। পুরো ঘটনাকে 'বাঁদরামি' এবং 'অসভ্যতা' বলে মন্তব্য করেন কুণাল। সেই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিরাপত্তা থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মঙ্গলবার সকালেও ফেসবুকে দীর্ঘ পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, "আমার শুভানুধ্যায়ী ও সহমত পোষণকারী শিবির ছাড়া কারুর কোনো সাহায্য, সমর্থন দরকার নেই। নিরস্ত্র, নিরাপত্তাহীন, একা দাঁড়িয়ে ছিলাম মিডিয়ার অনুরোধে। দৃষ্টি ক্যামেরায়। সেই সুযোগে ডিম ছুঁড়ে গেছে, এত বড় বীর!! পুলিশ দর্শক। তার পরেও ওখান দিয়ে হেঁটে বেরিয়েছি। রাতে একা থানায় গেছি।"
এছাড়াও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন বিধায়ক। লেখেন, "আমি আমার মত চলি। এখনও বলছি, আমার উপর হামলার চেষ্টা হল। আরও হবে। আমি ভয় পাই না। এক, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়ব। তবে বেলেঘাটার মানুষের পরিষেবায় সরকারের সঙ্গে প্রশাসনিক যোগাযোগ থাকবে। দুই, আমার দলের মধ্যে ভুলত্রুটি সংশোধনের মাধ্যমে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করব। বড়জোর আমার মৃতদেহ পড়ে থাকবে। কিন্তু আমি বদলাব না।"


No comments:
Post a Comment