কলকাতা: গ্ৰেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার কলকাতায় তাঁর ফুলবাগানের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। এরপর ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয় দিনহাটার দাপুটে তৃণমূল নেতাকে। আপাতত তিনি সেখানেই রয়েছেন। তাঁকে নিয়ে যাওয়া হবে কোচবিহারে। পুলিশ সূত্রে খবর, আর্থিক প্রতারণার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে।
জানা গিয়েছে, পুরনো একটি মামলার সূত্র ধরেই দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণা, তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, সরকারি আবাস যোজনায় ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে তৃণমূলের এই দাপুটে নেতার বিরুদ্ধে। পুলিশ সূত্রে আরও খবর, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় এফআইআর দায়ের হয়েছিল। থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভাওইয়া সঙ্গীতশিল্পী মণীন্দ্রনাথ বর্মণ। শিল্পীর অভিযোগ, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের দাপুটে নেতা তথা প্রাক্তন মন্ত্রীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। এরপর বুধবার বেলায় ফুলবাগানে তাঁর নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কোন মামলায় গ্ৰেফতার, পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। জানা যাচ্ছে, আগামীকাল তাঁকে কোচবিহার নিয়ে যাওয়া হবে।
তৃণমূল কংগ্রেসের শুধু দাপুটে নন, বিতর্কিত নেতাও উদয়ন গুহ। নানান সময়ে তাঁর মুখে শোনা গিয়েছে প্রকাশ্যে হুমকি। বর্ষীয়ান ফরোয়ার্ড ব্লক নেতা কমল গুহর ছেলে তিনি। উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। তবে, তৃণমূল জামানায় মুখ খোলার সাহস পাননি কেউ। এবারে রাজ্যে পালাবদল হয়েছে। শুরু থেকেই শুভেন্দু অধিকারীর সরকার কোমর বেঁধে ময়দানে নেমেছে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে। দিকে দিকে গ্ৰেফতার তৃণমূলের নেতা-কাউন্সিলর থেকে প্রাক্তন মন্ত্রীরা।
এই নিয়ে বিগত সরকারের ৪ মন্ত্রী গ্রেফতার হলেন। কেন্দ্রীয় এজেন্সির হাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়াও রাজ্য পুলিশের হাতে গ্রেফতার দিলীপ মণ্ডল, উজ্বল বিশ্বাস। এবারে সেই তালিকায় জুড়ল উদয়ন গুহের নাম।

No comments:
Post a Comment