কলকাতা: মমতার হাত ছেড়ে ঋতব্রতদের দলে নাম লিখিয়েছেন ফিরহাদ হাকিম, একথা গতকাল বিধানসভা অধিবেশনেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। ঋতব্রতদের সঙ্গেই ভেতরে বসে থাকতে দেখা যায় তাঁকে। আর এবারে নতুন ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ ওরফে ববি হাকিমকে। শুক্রবার বিধানসভার অধিবেশন শেষে বিরোধী দলনেতার ঘরে নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন ঋতব্রত। সেখানেই প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেল ফিরহাদকে।
বিধানসভায় তৃণমূল এখন দুই শিবিরে বিভক্ত। ঋতব্রত, সন্দীপন সাহাদের ‘নতুন তৃণমূল'-এ অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন। বিধানসভার নিয়ম কানুন, বক্তৃতা করার ধরণ, দৃষ্টি আকর্ষণ প্রস্তাব কীভাবে আনতে হয়, প্রশ্নোত্তর পর্বে কীভাবে অংশ নিতে হয়, উল্লেখ পর্বে কী কী বিষয় থাকে, এই সব-সহ নানান খুঁটিনাটি বিষয় নিয়ে এদিন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বিধানসভায় তাঁর ঘরে এদিন নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। ঘন্টা দুয়েকের বেশি প্রশিক্ষণ শিবির চলে। পরে ঋতব্রত জানান, নতুন বিধায়কদের এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে ছিলেন ফিরহাদ। প্রথমবার বিধায়ক হলেও প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে ঋতব্রতকেও। রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এদিন কসবার বিধায়ক জাভেদ খানকেও প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে।
ভোটে ভরাডুবির পর তৃণমূল যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন গত কয়েকদিন ধরে ফিরহাদ অবস্থান নিয়ে জোর জল্পনা চলছিল। রাজনীতির ময়দানে ববি নামে বেশি পরিচিত কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ। সেই ববি হাকিম গত ৮ জুন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে ঋতব্রতর সঙ্গে ঘন্টাখানেকের বৈঠক করেছিলেন। তাঁকে ঋতব্রতর ঘরে নিয়ে গিয়েছিলেন তৃণমূলের আর এক বিক্ষুব্ধ বিধায়ক সন্দীপন সাহা।
বৈঠক থেকে বেরিয়ে সেদিন কোনও মন্তব্য করেননি ফিরহাদ। কয়েকদিন আগে ফের বিধানসভায় ঋতব্রতর ঘরে বৈঠকে দেখা যায় কলকাতা বন্দরের বিধায়ককে। ববি হাকিম তাঁদের সঙ্গে রয়েছেন কি না জানতে চাওয়ায় ঋতব্রত বলেছিলেন, কোনও ব্যক্তিকে নিয়ে মন্তব্য করবেন না। তবে, গতকাল (শুক্রবার) বিধানসভায় ঋতব্রত-সহ তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা যেখানে বসেছিলেন, সেখানে বসে থাকতে দেখা যায় ফিরহাদ হাকিমকে। মোটামুটি স্পষ্ট হয়ে যায় যে, তিনি বিদ্রোহী শিবিরের সঙ্গেই রয়েছেন। আর এদিন তাঁদেরই প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেল মমতার 'বিশ্বস্ত' ববি হাকিমকে।

No comments:
Post a Comment