কলকাতা: মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিশ। ৪৮ ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এই নোটিশ দিয়েছে তাঁকে। থানায় স্বশরীরে হাজিরা দিতে বলা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে।
চলতি বছরের মে মাসেই বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন শতদ্রু দত্ত। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/৩০৮ (২)/৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারায় মামলা দায়ের হয়। টিকিটে কালোবাজারি, তোলাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ এনেছেন মেসির টুরের আয়োজক শতদ্রু। সেই অভিযোগের ভিত্তিতে অরূপকে ৫ জুনের মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তার আগেই বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন মন্ত্রী। প্রথমবার অসুস্থতার কথা বলে তলব এড়িয়ে যান অরূপ। তাই আগামী দু'সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু অরূপকে সেই সময়টা দিতে নারাজ পুলিশ।
এরপর গত ৮ জুন, বেলা ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার আগের দিন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে দু'টি নোটিশ সাঁটিয়ে দিয়ে আসে পুলিশ। তাতে স্পষ্ট বলা হয়, প্রাক্তন মন্ত্রী যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিতে চাইছেন না, সেই শারীরিক অসুস্থতার কোনও প্রমাণ তিনি দেখাতে পারেননি। কোনও মেডিক্যাল রিপোর্ট তিনি জমা দেননি। তাই গত ৮ জুন, বেলা ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতেই হবে।
সেদিনও সশরীরে হাজিরা দেননি অরূপ। আইনজীবী মারফতও থানায় কিছু জানাননি। ইতিমধ্যে মেসি কাণ্ডে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অরূপ। সেই আবেদন খারিজ হয়েছে। পরে তিনি আবেদন করেন কলকাতা হাই কোর্টে। সেখানেও প্রথমে ধাক্কা খান। যদিও পরে হাই কোর্টের তরফে জানানো হয়, তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস দিয়ে অরূপকে জানাতে হবে। হাইকোর্ট এও জানিয়ে দেয়, তদন্ত চলবে তদন্তের মতোই। তবে পুলিশ গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না। আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস।
এদিকে, বর্তমানে কোনও খোঁজ নেই প্রাক্তন মন্ত্রীর। পুলিশি তলবেও সাড়া দেননি তিনি। তৃতীয় এই নোটিশেরর পর তিনি হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার।

No comments:
Post a Comment