নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: রাস্তার খবরের কাগজে মোড়ানো মানব ভ্রূণ উদ্ধার। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শুক্রবার। কোচবিহার জেলার মাথাভাঙার শনি মন্দির মোড়ে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার সকালে মাথাভাঙা শহরের শনি মন্দির মোড় এলাকায় এক মানব ভ্রূণ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে এলাকার বাসিন্দারা রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় খবরের কাগজে মোড়ানো একটি মানব ভ্রূণ পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি নজরে আসতেই দ্রুত এলাকাজুড়ে খবর ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায়। পরবর্তীতে স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি মাথাভাঙা থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং ভ্রূণটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কীভাবে এবং কারা ওই ভ্রূণটি সেখানে ফেলে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের ব্যস্ততম এলাকায় এ ধরণের ঘটনা সামনে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ধরণের ঘটনা কখনই কাম্য নয় বলেই মত স্থানীয়দের। ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে।

No comments:
Post a Comment