নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: এক নিমেষে নেমে এল বিপর্যয়। বাড়িতে বসে থাকা অবস্থায় বজ্রাঘাতে প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম সঞ্জয় সিং, বয়স ২১ বছর। আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের মধ্যে হৃষিকেশ সিং নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের ডিহিবাদিনা-দুধকুন্ডি এলাকায় সন্ধ্যার সময় একটি বাড়িতে কয়েকজন একসঙ্গে বসে ছিলেন। সেই সময় আচমকাই শুরু হয় বৃষ্টি, সঙ্গে প্রবল বজ্রপাত। বজ্রাঘাতে গুরুতর আহত হন তাঁরা। দ্রুত তাঁদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হাসপাতালে চিকিৎসকরা সঞ্জয় সিং (২১)- কে মৃত বলে ঘোষণা করেন। আহত হয়েছেন রাহুল সিং, খোকন সিং, ভবতোষ সিং ও শীতল সিং।
এছাড়াও হৃষিকেশ সিং নামে আরও একজন গুরুতর আহত অবস্থায় আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন।হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।
আহতদেরই পরিবারের এক সদস্য নারায়ণ সিংয়ের কথায়, বাজ পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের গ্রামের কয়েকজন ছেলে একটি পাকা বাড়িতে বসে ছিল। সেখানেই পাশ করে তারা আহত হন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হচ্ছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আরও চারজন আহত হয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়। কলকাতাতেও দুপেরেই ঘনিয়ে আসে আঁধার। প্রবল বৃষ্টির সঙ্গেই মুহুর্মুহু বাজ পড়তে থাকে। রাস্তাঘাটে জল জমে যায়। ব্যাহত হয় জনজীবন। এমনকি তারাতলায় উদ্ধার কাজও বাধাপ্রাপ্ত হয়।

No comments:
Post a Comment