নিজস্ব সংবাদদাতা, মালদা: নৌকার ওপর বজ্রপাত, গঙ্গার ঘাটেই লুটিয়ে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত আরও অনেকে। ঘটনাটি ঘটেছে মালদহে গঙ্গার ঘাটে। মঙ্গলবার বিকেলে ধুলিয়ান থেকে মালদহের পারলালপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল যাত্রীবাহী নৌকাটি। গন্তব্যে পৌঁছনোর মুহূর্তেই শুরু হয় তুমুল ঝড়বৃষ্টি, তখনই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই এদিনও প্রায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি গঙ্গা পেরিয়ে পারলালপুর ঘাটে আসছিল। কিন্তু ঘাটে নামার কয়েক মুহূর্তের মধ্যেই আচমকা আকাশ কালো মেঘে ঢেকে যায়, নামে প্রবল বৃষ্টি, শুরু হয় মুহুর্মুহু বজ্রপাত, আর সেই সময়ই ঘটে যায় এই ভয়ঙ্কর বিপর্যয়। ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫ জন।
পুলিশ জানিয়েছে মৃতদের নাম, আসাতুল্লাহ শেখ (৮০), বাড়ি মালদার পাড় দাওনাপুর, একরামুল শেখ (৮০), বাড়ি মালদহের শোভাপুর, আমসুর শেখ (৪৫), বাড়ি মালদার পার দাওনাপুরের চৌধুরী পাড়া এবং কচি শেখ (২৫), বাড়ি মালদহের পার দাওনাপুর।
প্রত্যক্ষদর্শীদের কথায়, হঠাৎ বিকট শব্দ ও আলোর ঝলকানিতে চোখে ধাঁধাঁ লেগে যায় যাত্রীদের। ঘাটে নামতেই মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন একাধিক যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। পাশাপাশি গুরুতর আহত হন আরও অন্তত ১৫ জন। আহতদের আর্তনাদে আতঙ্কে ঢেকে যায় গোটা ঘাট চত্বর। স্বজনদের কান্না, ছুটোছুটি আর চিৎকারে আতঙ্ক, হুড়োহুড়ি পড়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের উদ্যোগে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। কয়েকজন আহতকে মালদার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অধিকাংশকেই শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা।

No comments:
Post a Comment