নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: চিকিৎসা গাফিলতিতে বালকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল হাসপাতাল চত্বর। চিকিৎসার গাফলতিতে মৃত্যুর অভিযোগ তুলে এবং চিকিৎসকের শাস্তির দাবীতে মৃতের বাড়ির লোক ও প্রতিবেশীরা হাসপাতালে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনুরাগ মিস্ত্রি, বয়স নয় বছর। ওই বালক গত ১৯ জুন জামাই ষষ্ঠী উপলক্ষে মছলন্দপুরের ঘোষপাড়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার রাতে আচমকা সে অসুস্থ হয়ে পড়ে। এরপর পরিবারের লোকেরা প্রথমে তাঁকে দক্ষিণ চাতরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু বালকের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, রাতভর অনুরাগের কোনও চিকিৎসাই করা হয়নি। সে ব্যথায় কষ্ট পেতে থাকলেও শিশুরোগ বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক কোনও ব্যবস্থা নেননি। সকালে পরিবারের তরফে চিকিৎসককে বলা হলে, তিনি একটি ইনজেকশন দেন। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই মারা যায় ওই বালকটি। পরিবারের অভিযোেগ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে নয় বছরের অনুরাগের।
মৃত বালকের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে তাঁর মৃত্যু হয়েছে। মৃত বালকের বাবা গোপাল মিস্ত্রি জানান, সুস্থ ছেলেকে বিনা চিকিৎসা এভাবে মরতে হল। আর যেন কারো কোল খালি না হয়। রোগীর পরিবারের তরফ থেকে রেফার করে দেওয়ার কথাও বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু চিকিৎসকরা সে বিষয়ে কান দেয়নি বলেও অভিযোগ। ছেলেকে হারিয়ে এখন তাই বিচার চাইছেন এই অসহায় বাবা।
এদিন মৃত শিশুর পরিবারের লোকেরা হাসপাতালে বিক্ষোভও দেখান। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ঋষিকেশ বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ তাঁকে নিরাপত্তা দিয়ে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায়। এ নিয়ে সুপার বিবেকানন্দ বিশ্বাস কোনও কথা না-বললেও, হাসপাতালের তরফে জানানো হয়েছে, মৃত বালকের ময়নাতদন্ত করা হবে।তাহলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই নবনির্বাচিত হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল হাবড়া হাসপাতাল পরিদর্শন করে উন্নত চিকিৎসা পরিষেবার নির্দেশ দিয়েছিলেন। এবার সেই হাসপাতালের বিরুদ্ধেই উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ।

No comments:
Post a Comment