কলকাতা: বঙ্গ রাজনীতিতে চর্চায় নতুন তৃণমূল!ঋতব্রত-সন্দীপনকে দল থেকে বহিষ্কারের পর থেকেই তৃণমূলের কঙ্কালসার চেহারা যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। ঋতব্রতর হাত ধরে বুধবারেই কি তাহলে আত্মপ্রকাশ করবে 'নতুন তৃণমূল'! বিধানসভায় শক্তি দেখিয়ে চিঠি দেবেন তৃণমূলের সদ্য বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়! ৫৩-৫৪ জন বিধায়ক সঙ্গে থাকলেই রাজ্যে ‘নতুন তৃণমূল’ আত্মপ্রকাশ করতে পারে। রাজ্যের বিরোধী দল হিসেবে তকমাও পেতে পারেন! জোড়া ফুল প্রতীকও চলে আসতে পারে তাঁদের কাছে। সেই জল্পনা চলছে বঙ্গ রাজনীতিতে।
বুধেই কি বঙ্গে তৃণমূলের মুষলপর্বে নতুন চিত্রনাট্য দেখা যাবে? সেই জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে বঙ্গ রাজনীতিতে। গত দু'দিন ধরে শোনা যাচ্ছে, সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হতে চলেছে নতুন তৃণমূল! জোড়া ফুল প্রতীক হাতছাড়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, জল্পনা তুঙ্গে উঠেছে এই নিয়ে।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলে ভাঙন দেখা যাচ্ছে। সেই আবহে জল্পনা এবার বড় সংখ্যায় বিধায়ক, সাংসদ দল ছাড়ছেন! এমনকি, মঙ্গলবার ঋতব্রত বিধানসভায় ঢুকতেই শোনা গিয়েছিল, ৫০ জন বিক্ষুদ্ধ তৃণমূলের বিধায়কের সই সম্বলিত চিঠি জমা দিতে চলেছেন তিনি। তবে, এদিন তেমন কোনও ঘটনা ঘটেনি। বিধানসভা থেকে বেরনোর সময় ঋতব্রত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তবে, বিধানসভা থেকে বেরিয়ে চিঠি নিয়ে কিছুই জানেন না বলে দাবী করেন ঋতব্রত।
তিনি জানান, ব্যক্তিগত কাজে তিনি বিধানসভায় ছিলেন। তৃণমূলের ‘বিদ্রোহী’ বিধায়কদের নিয়ে বৈঠক করার কথাও শোনা গিয়েছিল সোমবার। যদিও সেই বৈঠকের কথাও উড়িয়ে দিয়েছেন তিনি।
এদিকে সূত্রের বরাত দিয়ে একাধিক তথ্য সামনে আসছে, বুধবারই 'নতুন তৃণমূল' সংক্রান্ত চিঠি বিধানসভায় জমা দিতে চলেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ৫৩-৫৪ জন তৃণমূল বিধায়কদের পাশেও পেয়ে গিয়েছেন তিনি! চিঠি জমা দেওয়ার সময় 'বিদ্রোহী'রা সকলেই বিধানসভায় উপস্থিত থাকবেন।
আজ, নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক। সেখানে হাওড়ার সব তৃণমূল বিধায়ক যোগ দেবেন। জোর গলায় এদিন সেই দাবীও করেছেন ঋতব্রত। সেই বৈঠকের পরেই ঋতব্রত বিধানসভায় উপস্থিত হবেন। তৃণমূলের বিধায়করাও সেখানে থাকবেন। বুধেই 'নতুন তৃণমূল' হিসেবে চিঠি জমা দেওয়া হচ্ছে, এমনটাই সূত্রে খবর। নতুন তৃণমূলের জল্পনা আরও উস্কে এদিন ঋতব্রত বলেন, "আমি আজ-এ বিশ্বাসী, কাল কী হবে জানি না, বলতে পারব না।"
এছাড়াও এদিন বিধানসভায় ঢোকার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আর কোথায় আছে! হাইজ্যাক হয়ে গেছে। এমনটাও বলতে শোনা যায় তাঁকে। এখন 'নতুন তৃণমূল' জল্পনা কোন পথে বাঁক নেয়, সেদিকেই তাকিয়ে বিভিন্ন মহল।

No comments:
Post a Comment