নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: রাজ্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস। এরপরেই কাঁথি মহকুমা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে রাজনীতির ময়দানে এসে সোমবার তিনি রাজ্যের একজন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এদিন এই উপলক্ষে আবেগে ভাসলেন কাঁথির মানুষজন।
বর্তমানে ৬৩ বছর বয়সী অরূপ কুমার দাস পেশাগত জীবনে কাঁথি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এমএসসি (ফিজিক্স) ডিগ্রিধারী এই শিক্ষক শুধু বিদ্যালয়েই নয়, শিক্ষালয়ের বাইরেও বহু ছাত্র-ছাত্রীকে বিনা পারিশ্রমিকে পড়িয়ে শিক্ষাক্ষেত্রে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন।
রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও তিনি রাজনৈতিকভাবে সচেতন ও রাজনীতিমনস্ক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ২০২১ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে তিনি যোগদান করেন। ওই বছরই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন।
পরবর্তীতে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। কাঁথি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরূপ কুমার দাস কাঁথি পৌরসভার কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাব্বিশের এই বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর এবার রাজ্যের মন্ত্রিসভায় স্থান পেলেন তিনি। প্রধান শিক্ষক থেকে মন্ত্রী; অরূপ কুমার দাসের এই যাত্রা বর্তমানে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। কাঁথিতে এদিন উৎসবের আবহ, উচ্ছ্বসিত সকলেই এবং এই উপলক্ষে এদিন এখানে লাড্ডু বিতরণও করা হয়।
উল্লেখ্য, এদিন রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ছিল। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩৫ জন। রাজ্যপাল আরএনরবি তাঁদের শপথ বাক্য পাঠ করান লোক ভবনে।

No comments:
Post a Comment