নিজস্ব সংবাদদাতা, মালদা: গ্রামে পানীয় জলের পাইপলাইন বসানো হয়েছে বহু আগেই। বাড়ি বাড়ি থেকে আধার কার্ডের জেরক্স কপিও সংগ্রহ করেছিলেন সংশ্লিষ্ট দফতরের কর্মীরা। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি জল সরবরাহ। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে জলের দাবীতে পথে নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে, মালদার হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া নয়াটোলা গ্রামে। বৃহস্পতিবার সকালে জলের দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে গ্রামে পানীয় জলের জন্য পাইপলাইন বসানো হয়। সেই সময় শীঘ্রই বাড়ি বাড়ি জল সংযোগ চালুর আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ওই আশ্বাসই মিলেছে বাস্তবে মেলেনি কিছুই। এমনকি বাড়িতে ট্যাপকলও বসানো হয়নি। ফলত তীব্র গরমে জল সংকটে পড়েছেন গ্রামের মানুষ। বাধ্য হয়ে গ্রামের মানুষ অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই জল পান করার ফলে পেটের বিভিন্ন সমস্যা-সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন অনেকে।
স্থানীয়রা জানান, জলের জন্য অনেক দূরে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার যেতে হয়। এখানকার আয়রন যুক্ত জল খেয়ে তাঁদের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছেন। একাধিকবার ব্লক প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দফতরে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে দাবী গ্রামবাসীদের। এরই প্রতিবাদে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা।
বিক্ষোভকারীদের দাবী, অবিলম্বে পানীয় জল প্রকল্প চালু করে নিয়মিত জল সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

No comments:
Post a Comment