গ্ৰেফতারির আশঙ্কা! রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে অভিষেক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, June 3, 2026

গ্ৰেফতারির আশঙ্কা! রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে অভিষেক


কলকাতা: সই কেলেঙ্কারি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে সিআইডি। ৮ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এবারে সেই নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি-র জারি করা নোটিশ খারিজের আবেদন জানানোর পাশাপাশি তাঁকে যাতে গ্রেফতার না করা হয়, সেই মর্মেও আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন তিনি। বিচারপতি অপূর্ব সিনহা রায় মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে যেখানে দল হাতছাড়া হওয়া নিয়ে বুধবার জল্পনা তুঙ্গে উঠেছে। বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের বৈঠক চলছে বলেই জানা যাচ্ছে। সেই আবহেই হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব সংক্রান্ত একটি চিঠিতে একাধিক বিধায়কের সই জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তের অংশ হিসেবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। গত ১ জুন তাঁকে সিআইডি দফতরে হাজির হতে বলা হলেও তিনি যাননি। শনিবার সোনারপুরে গিয়ে আক্রান্ত হন অভিষেক আর সেই থেকেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডিকে চিঠি পাঠান অভিষেক। সোমবার বিকেলেই সিআইডি আধিকারিকরা তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে নতুন নোটিশ দিয়ে আসেন এবং ৮ জুন হাজিরার নির্দেশ দেন।


সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অভিষেক। নোটিশ খারিজের আবেদনের পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়, সেই আর্জি জানানো হয়েছে। 


এদিকে বুধবার বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিদ্রোহী বিধায়করাও বিধানসভায় পৌঁছে গিয়েছেন। তাঁদের বৈঠক চলছে সেখানকার একটি কক্ষে। রথীন ঘোষ, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানী-সহ একাধিক তৃণমূল নেতৃত্বকে বিধানসভায় যেয়ে দেখা গিয়েছে। যদিও বিদ্রোহীরা কেউ নতুন তৃণমূল নিয়ে মন্তব্য করেননি। তবে, এত সংখ্যক বিধায়কদের আলাদা বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে; নিজের ঘরে নিজেই ব্রাত্য মমতা বন্দ্যোপাধ্যায়! আজই কি হাতছাড়া হচ্ছে দল!


এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়া রাজনৈতিক ও আইনি মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন শুক্রবারের শুনানিতে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad