নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: চাকরির জন্য দেওয়া টাকা দিয়েছিলেন বিজেপি নেত্রীকে। দু'মাস পর সেই টাকাই ফেরত চাইতে গিয়ে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। অভিযোগের তির দলেরই এক নেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, শিল্প-শহর দুর্গাপুরে। গুরুতর জখম অবস্থায় ওমপ্রকাশ প্রসাদ নামে ওই বিজেপি কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ভাইও। তিনিও একই হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিজেপি নেত্রী মৌসুমী দত্তের হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়েছিলেন ওমপ্রকাশ প্রসাদ। কিন্তু অভিযোগ, দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। দু'মাস পর তিনি টাকা ফেরত চাইতে গেলে তাঁকে মারধর করা হয়। ঘটনাটি ঘটে গত ৩ তারিখ। ওমপ্রকাশ প্রসাদের দাবী, মৌসুমী দত্তের উপস্থিতিতেই তাঁর অনুগামীরাই এই হামলা চালায়। তবে এই অভিযোগের বিষয়ে বিজেপি নেত্রী মৌসুমী দত্ত কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
ঘটনার পর দুর্গাপুর থানায় মৌসুমী দত্ত ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গত ৩ জুলাই। অভিযোগকারী জানিয়েছেন, বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকেও জানানো হবে।
অন্যদিকে, বিজেপি নেতা সুমন্ত মণ্ডলের দাবী, এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। একই সঙ্গে তিনি অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীর দিকেই। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

No comments:
Post a Comment