নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি। এমনই অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হলদিয়া। টাকার দাবীতে ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বঞ্চিত উপভোক্তাদের। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মঙ্গলবার হলদিয়া ব্লক অফিসের সামনে জড়ো হয়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বঞ্চিতরা। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। প্রায় আধ ঘণ্টা ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
আন্দোলনকারীদের দাবী, বহুদিন আগে অন্নপূর্ণা যোজনার জন্য গ্রাম পঞ্চায়েতে আবেদন জমা দিয়েছেন। কিন্তু এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলেই অভিযোগ। এমতাবস্থায় হলদিয়া ব্লকের বিডিও তাঁদের কাছে সাত দিন সময় চাইলেও ক্ষুব্ধ হন গ্রাহকরা। আজ বিকেলের মধ্যেই টাকা পাঠানোর দাবী জানান বিক্ষোভকারীরা।
অনেকে অভিযোগ করেন, হলদিয়া ব্লকের চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান পদত্যাগ করার পর বোর্ড ভেঙে যায়। তদারকির লোক না থাকায় বেশিরভাগ মানুষই টাকা পাননি। গ্রাম পঞ্চায়েতে ফর্ম জমা দেওয়ার পর অনেকে আলাদাভাবে বিডিও অফিসেও আবেদন জমা দিয়েছিলেন, কিন্তু সুরাহা হয়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, "অনেকে দু'বারের টাকা পেয়ে গেছেন, আমরা এখনও একবারের টাকাও পাইনি। অন্নপূর্ণা যোজনার নামে প্রতারণা চলছে।"
এদিকে বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে হলদিয়া ব্লকের বিডিও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের জন্য সাত দিন সময় চেয়ে নেন। যদিও গ্রাহকরা তা মানতে নারাজ। তাঁদের দাবী, আজ বিকেলের মধ্যেই তাদের টাকা প্রদান করতে হবে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
প্রশাসন সূত্রে খবর, ব্লক প্রশাসন দ্রুত বঞ্চিতদের তথ্য যাচাই করে নতুন তালিকা তৈরির কাজ শুরু করেছে। টাকা পাঠানোর প্রক্রিয়া দ্রুত শুরু করার আশ্বাসও দেওয়া হয়েছে।


No comments:
Post a Comment