নিজস্ব সংবাদদাতা, নদিয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে এবার পৌরসভার ইনকোয়ারি অফিসারের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মহিলারা। তাঁদের দাবী, বেছে বেছে টাকা ঢোকানো হচ্ছে। তাঁরা ন্যায্য প্রাপক অথচ টাকা পাচ্ছেন না। সেই কারণেই ১৩ নম্বর ওয়ার্ডে এদিন ওই পৌর কর্মীর বাড়িতে বিক্ষোভ দেখায় একাধিক মহিলারা। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এদিন।
উল্লেখ্য, এর আগেও শান্তিপুর পুরসভায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার কারণে পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় একাধিক প্রাপকরা। এবার পৌর কর্মীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন এলাকাবাসী।
শান্তিপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুপ ব্যানার্জি। তিনি শান্তিপুর পৌরসভায় কাজ করেন। পাশাপাশি ১৩ নম্বর ওয়ার্ডের ইনকয়ারি অফিসার। এলাকার মানুষের অভিযোগ, তিনি ইনকোয়ারি করে বেছে বেছে কয়েকজনকে টাকা দিচ্ছেন। এই কারণেই যারা যোগ্য তাঁরা টাকা পাচ্ছেন না আর যারা অযোগ্য তাঁরা আগে টাকা পেয়ে যাচ্ছেন। এই অভিযোগ তুলেই এদিন বিক্ষোভ দেখায় তারা।
অন্যদিকে যদিও ইনকোয়ারি অফিসার অনুপ ব্যানার্জি বলেন, কেউ অনলাইনে ফর্ম ফিলাপ করেছেন, কেউ অফলাইনে ফর্ম ফিলাপ করেছেন। আমরা নিজেদের মত নিজেরা কাজ করছি, কয়েকজনের আবার রিজেক্ট দেখিয়েছে। তবে কি কারণে রিজেক্ট দেখাল এবং কেন সবাই একসঙ্গে টাকা পাচ্ছেন না এটা আমার পক্ষে বলা সম্ভব না। সেই কারণে সকলকে বললাম পৌরসভায় আমার উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে মঙ্গলবার তাদের সঙ্গে দেখা করতে। তাঁরাই এই বিষয়টি বিশদে বলতে পারবেন।

No comments:
Post a Comment