নিজস্ব সংবাদদাতা, হুগলি: একনাগাড়ে বৃষ্টিতে মাটির বাড়িতে ধস।দেওয়ালের নীচে চাপা পড়ে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হুগলির সপ্তগ্রাম বিধানসভার মগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গজঘণ্টা মালিকপাড়ায়। ঘটনায় চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে হঠাৎই একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় বাবা ও মেয়ের। মৃতদের নাম গৌর মালিক, বয়স ৫৭ বছর। তিনি পেশায় তিনি সবজি বিক্রেতা। অপর জনের নাম মাম মালিক, বয়স ১২ বছর।
স্থানীয় সূত্রে খবর, গৌর পেশায় সব্জি বিক্রেতা। মেয়ে মামকে নিয়ে মাটির বাড়িতেই থাকতেন তিনি। এক ছেলে প্রসেনজিৎ মালিক কর্ম সূত্রে বাইরে থাকেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখেন স্থানীয় বাসিন্দা গৌর মালিকের মাটির বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপের মধ্যেই চাপা পড়েছেন গৌর এবং তাঁর কিশোরী মেয়ে।
জানা গিয়েছে, মগরা দু'নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে গৌরের নাম আবাস যোজনার জন্য অনুমোদিত হয়েছিল। কিন্তু, প্রকল্পের পুরো টাকা পাননি তিনি। ফলে পাকা বাড়ির কাজো শেষ হয়নি। তাই মাটির বাড়িতেই মেয়েকে নিয়ে থাকতেন তিনি। এদিন গভীর রাতে আচমকাই বাড়িটি ভেঙে পড়ে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালিয়ে ধ্বংসস্তূপ থেকে বাবা ও মেয়েকে উদ্ধার করা হলেও তাঁদের আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের প্রাথমিক অনুমান, একটানা ভারী বৃষ্টির জেরেই মাটির বাড়িটি দুর্বল হয়ে পড়ে এবং সেই কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

No comments:
Post a Comment