কলকাতা: ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দেশ। রবিবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। মুখোমুখি হতে চলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো-সেরা স্পেন। একদিকে লিওনেল মেসির শেষ বিশ্বযুদ্ধের রোমাঞ্চ, অন্যদিকে স্পেনের তরুণ তুর্কিদের দাপট। হাই-ভোল্টেজ এই মহারণকে ঘিরে বাংলাজুড়েও উন্মাদনা তুঙ্গে। আর এবারে ফুটবলপ্রেমীদের জন্য এক নজিরবিহীন ও বিরাট উদ্যোগ নিল শুভেন্দু অধিকারীর সরকার। আগামী ২০ জুলাই গভীর রাত ১২টা ৩০ মিনিটে (২১ জুলাই ভোর) শুরু হতে চলা এই মেগা ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকে এই মেগা আয়োজনের জন্য ইতিমধ্যেই বিশেষ আর্থিক অনুদান বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, খেলা দেখানোর সুব্যবস্থা করার জন্য প্রতিটি জেলাকে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ক্রীড়া দফতরের এই আর্থিক সহায়তায় জেলার প্রধান বা জনবহুল এলাকাগুলোতে বড় পর্দার ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ একসঙ্গে উৎসবের মেজাজে ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারেন।
এই পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের। জায়ান্ট স্ক্রিন বসানোর জায়গা নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকদের বসার উপযুক্ত পরিবেশ তৈরি করার বিষয়টি জেলাশাসকরাই তদারকি করবেন। রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের ফলে প্রত্যন্ত এলাকার মানুষও বিশ্বমানের ফুটবল ম্যাচ বড় পর্দায় দেখার সুযোগ পাবেন। স্বাভাবিকভাবেই এই খবর রাজ্যের প্রত্যন্ত গ্রামের ফুটবলপ্রেমীদের জন্য আক্ষরিক অর্থেই বড় খবর। একসঙ্গে গোটা গ্রাম বসে খেলা দেখার থাকবে আলাদাই অনুভূতি।
সরকারি নির্দেশিকায় জেলাশাসকদের স্পষ্ট বলা হয়েছে, স্থানীয় পুরসভা বা পঞ্চায়তের সঙ্গে সমন্বয় করে দ্রুত উপযুক্ত এবং নিরাপদ জায়গা চিহ্নিত করতে হবে। খেলা দেখানোর বিষয়টি যাতে আগেভাগেই আপামর মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য এলাকায় এলাকায় ব্যাপক প্রচার চালাতে হবে। মাঝরাতে যেহেতু হাজার হাজার মানুষ একসঙ্গে খেলা দেখবেন, তাই আইন-শৃঙ্খলার অবনতি যাতে না হয়, তার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে।

No comments:
Post a Comment