'সব ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে', মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়েও খোঁচা মমতার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, July 4, 2026

'সব ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে', মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়েও খোঁচা মমতার


কলকাতা: ছাব্বিশের নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে বিজেপি। কিন্তু এরপরেও হার স্বীকার করেননি মমতা। আর এজন্য পদত্যাগ করতে রাজভবনেও যাননি।‌ কিন্তু শনিবার সেই মমতাই যেন একপ্রকার হার স্বীকার করে নিলেন। পাশাপাশি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অবশ্য তাঁকে খোঁচা দিতেও ছাড়েননি মমতা‌।


শনিবার বিকেলে ফেসবুক লাইভে আসেন তৃণমূল সুপ্রিমো।‌ সেখানেই একাধিক বিষয়ে সরব হন তিনি। বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ দাগার পাশাপাশি কর্মীদের পাশে‌ থাকারও বার্তা দেন মমতা।‌কর্মীরাই যে দলের প্রকৃত সম্পদ, সেটাও তিনি মনে করিয়ে দেন। 


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার অনেক শুভেচ্ছা থাকবে। কিন্তু এটা আমি নিশ্চয়ই বলব না যে, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে তৃণমূলটা করেননি! আপনিও কংগ্রেস করতেন একদিন। আপনিও নির্বাচনে অনেক বার হেরেছেন। আপনার জন্য আমি বার বার যেতাম আপনার কেন্দ্রে। সেটা আমার কর্তব্য ছিল। এর জন্য আমি কোনও কৃতিত্ব নিচ্ছি না। আপনিও ১০-১১ বছর তৃণমূলের বিধায়ক হিসেবে মন্ত্রী ছিলেন। কখনও পরিবহণ মন্ত্রী, কখনও সেচমন্ত্রী, কখনও ৬টি জেলার দায়িত্বে ছিলেন, জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন। সাহায্যের হাতও বাড়িয়েছেন, নাড়িয়েওছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া থেকে দিঘা ডেভলপমেন্ট বোর্ড, আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে।"


এরপরেই খোঁচা দিয়ে মমতা বলেন, "হঠাৎ আজ মাত্র তিন-চার বছরের মধ্যে যারা সাধু, তারা আপনাদের সঙ্গে গিয়ে সাধু হয়ে গেল। আর যারা কোনও দিন কিছু পায়নি, লড়াই করেছে, তাদের পিছনে লেগে রাষ্ট্রীয় সন্ত্রাস করাচ্ছেন! মনে রাখবেন, সব ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে।


পাশাপাশি মমতার স্পষ্ট বার্তা, একুশে জুলাই হবে শহীদ স্মরণ।‌ তিনি বলেন, "আমরা অনুমতি চেয়েছি কিন্তু পুলিশ কোনও কিছুতেই আমাদের অনুমতি দিচ্ছে না। একবার ভাবুন তো, একটা পুলিশ কখনও বলতে পারে আগস্ট পর্যন্ত কলকাতায় কোনও সমাবেশ হবে না!"


তৃণমূল সুপ্রিমো বলেন, "আরে এ আবার কী কথা! সম্পূর্ণ গণতন্ত্রের কণ্ঠ রোধ? গায়ের জোরে নির্দেশ! এখানে কোনও ১৪৪ ধারাও নেই। তো কেন করছেন এসব? শুধু তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানটা ভেস্তে দেওয়ার জন্য?"


মমতা বলেন, "রিকশায় দাঁড়িয়ে হলেও আমাদের অনুষ্ঠান হবে। একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন‌ নাড়া দেয়, কোনও বাধাই কোনও বাধা মানে না। দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই একুশে জুলাই হবে। বাঁধ ভেঙে দাও.... বাঁধ ভেঙে দাও...। সন্ত্রাসের বাঁধ ভাঙো, শহীদ স্মরণে এসো।"


তিনি আরও বলেন, "পুলিশের কাছে অনুমতি চেয়েছি। ‌ অনুমতি পেলে কোন জায়গায় আসবেন সেটা আপনাদের জানিয়ে দেব।"

No comments:

Post a Comment

Post Top Ad