কালীঘাটে জয়া বচ্চন! মমতার সঙ্গে সাক্ষাৎ অমিতাভ-জায়ার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, July 2, 2026

কালীঘাটে জয়া বচ্চন! মমতার সঙ্গে সাক্ষাৎ অমিতাভ-জায়ার

 


কলকাতা: ইন্ডিয়া জোটে শরিক হলেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব খানিকটা বাড়তে দেখা গিয়েছিল সমাজবাদী পার্টির। কয়েক দিন আগেই কলকাতায় এসে দলের সর্বভারতীয় নেতা কিরণময় নন্দ নির্বাচনে পরাজয়ের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন। এবার সেই মমতার সঙ্গেই দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে গেলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চন। বৃহস্পতিবার বৃষ্টিস্নাত বিকেলে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে কালীঘাটে মমতার বাড়িতে যান তারকা সাংসদ। তাঁকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্য তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি।


তৃণমূল সুপ্রিমোর সঙ্গে অমিতাভ-জায়ার বেশ ভালো সম্পর্ক। আগে বাংলার ভোটে এসে মমতার হয়ে প্রচারও করে গিয়েছেন জয়া। কিন্তু এবার তিনি 'প্রাক্তন'। এই অবস্থায় জয়ার আগমন নিয়ে বেশ উৎসাহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি কিরণময় নন্দের মন্তব্যের ড্যামেজ কন্ট্রোল নাকি ইন্ডিয়া জোটের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা? সেই বিষয় অবশ্য এখনও অজানা।


ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পরও হার মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন তিনি। এনিয়ে মামলাও চলছে। মমতার এই অভিযোগকে সমর্থন করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। তিনি ভোটের ফলপ্রকাশের কয়েকদিন পর কলকাতায় এসে কালীঘাটের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেছিলেন। যদিও তার কিছুদিন পর অবশ্য সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা কিরণময় নন্দ মমতার সমালোচনাই করেছিলেন। 


তাঁর মতে, "মানুষ মমতাকে চায়নি, তাই তিনি হেরেছেন।” এও জানিয়েছিলেন যে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে অনেক সময় অনেক কিছু বলতে হয়। অর্থাৎ অখিলেশের মমতাকে সমর্থনের বিষয়টিকেই তিনি ইঙ্গিত করতে চেয়েছিলেন, সেটাও স্পষ্ট। এসবের মাঝেই আবার তাঁদের দলের সাংসদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ।

No comments:

Post a Comment

Post Top Ad