কলকাতা: একসময়ে যারা ছিলেন ছায়াসঙ্গী, তাঁরাই আজ বিদ্রোহী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন এক এক করে। সেই তালিকায় নয়া সংযোজন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার স্ত্রী-সহ দুই ছেলেকে ইডি তলব করে। এরপরেই বুধবার ঋতব্রত শিবিরে মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা একটা বড় ধাক্কা, বলা যেতেই পারে। ওদিকে শহীদ দিবসের জায়গা বদল। সব মিলিয়ে মমতার তৃণমূল যেন অকুল পাথারে। কিন্তু এই অবস্থাতেও দমবার পাত্রী নন তিনি, ফের 'শূন্য’ থেকে শুরুর অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার বিকেলে ভিডিও বার্তায় সেই কথাই দৃঢ়কণ্ঠে বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।
তাঁর সঙ্গ ছেড়ে বিদ্রোহী শিবিরে যাওয়াদের এদিন আরও একবার বেইমান বলে তোপ দাগেন মমতা। তাঁদের জন্য তিনি ক্ষমাপ্রার্থী বলেও জানান। সেইসঙ্গে তাঁর বক্তব্য, দলের জন্মলগ্নে লড়াই করতে পারলেও এখনও তিনি লড়াই করতে পারবেন।
এদিন সমাজমাধ্যমে লাইভে আসেন মমতা। সেখানেই তিনি বলেন, “দলের প্রতীক দেখে আপনারা ভোট দিয়েছিলেন। বেইমানদের জন্য আমি ক্ষমাপ্রার্থী। ১৯৯৭ সালে একা ছিলাম। লড়াই করেছি। এখন ১৮ জন সাংসদ আছে। আরও বিধায়ক আছে। সেই সময় পারলে, ২০২৬ সালেও শুরু করার ক্ষমতা রাখি।”
ছাব্বিশের নির্বাচনের পর তৃণমূলের ভাঙন পর্ব অব্যাহত। বুধবার ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন মমতার দীর্ঘদিনের ছায়াসঙ্গী মদন মিত্র। বিরোধী দলনেতার ঘরে যাওয়ার সময় মদনের দাবী, অভিষেকের জন্য এই দশা। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, “অভিষেক বাহানা। ওর ভুল মাফ হয়ে গিয়েছে। ও বাঘের মতো লড়ে যাচ্ছে। আগামী ৫০ বছর লড়বে।” মদনের ছেড়ে যাওয়া নিয়ে নাম না করে বলেন, “ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ছেলে, স্ত্রীর নামে নোটিশ দেওয়া হচ্ছে। আরও একজন আজ গিয়েছে, আগেই জানিয়েছিলেন তাঁর পরিবারকে ইডি সমন করেছে। বুঝতে পেরেছিলাম। সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।”
এরপরই মমতা তৃণমূলের প্রতিষ্ঠালগ্নের কথা তুলে বর্তমানেও লড়াই জারি রাখার কথা বলেছেন। ‘শূন্য’ থেকে শুরুর অঙ্গীকার করেছেন তিনি। মমতা বলেন, “১৯৯৮ সালের ১ জানুয়ারি আমরা প্রতীক পাই। ১ মাস ২২ দিনের মাথায় নির্বাচনে লড়াই করেছি। ৮ এমপি ছিল। ১৯৯৯ সালে ফের লোকসভা নির্বাচন হয়। আমরা ৯ জন হই। ২০০৪ সালে একা হয়ে গিয়েছিলাম। লড়াই করে গিয়েছি। এখন রাজ্যসভায় ১০ জন। লোকসভায় ৮ জন এমপি আছে।"
তিনি আরও বলেন, "যারা যাওয়ার চলে যাক। যা পড়ে থাকবে, তাই আমার সোনার খনি। ১৯৯৭-৯৮ সালে লড়াই করতে পারলেও ২০২৬ সালেও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি।"
এবছর মমতার তৃণমূলের একুশে জুলাই সমাবেশ হবে বিড়লা প্ল্যানেটরিয়ামে। আদালত অবশ্য এর জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে। সেই নিয়ে মমতা বলেন, "বিড়লা প্ল্যানেটরিয়ামে মিটিং হবে। আমি প্রতিবারের মতো ২০ জুলাই জায়গা পরিদর্শনে যাব। আমি পুলিশকে অনুরোধ করব যেন বিজেপি ও সেটিং পার্টি কোনও ঝামেলা না করতে পারে, তা দেখতে।" মমতা বলেন, "ডেকোরেটার্স মাইকদের ভয়ও দেখাতে পারে। তবে মনে রাখবেন খালি গলাতেও সভা করতে পারি। বলেছি যখন, মিটিং হবেই।"

No comments:
Post a Comment