নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের অন্নপূর্ণা বাজার এলাকায়। আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে সারিবদ্ধ বেশ কয়েকটি দোকান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গিয়েছে এবং ১টি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে। শনিবার ভোর আনুমানিক তিনটে নাগাদ আচমকাই বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলিতে। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন।
ময়না ব্লকের অন্তর্গত পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্নপূর্ণা বাজারে বাজার এলাকার দোকানে হঠাৎ আগুন লেগে যায়। জানা গিয়েছে, দুটি ফলের দোকান, একটি খাওয়ার দোকান এবং একটি ছাতার দোকান সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগার ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষজন আপ্রাণ চেষ্টা করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল কর্মী ও স্থানীয় মানুষের যৌথ প্রচেষ্টায় প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ততক্ষণে আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান ব্যবসায়ীদের। আগুন ঠিক কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এই আগুন কি না, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। ঘটনার জেরে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:
Post a Comment