ষষ্ঠ শ্রেণির পড়ুয়াকে যৌ-ন নির্যাতন! বিহার থেকে গ্ৰেফতার অভিযুক্ত - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, July 6, 2026

ষষ্ঠ শ্রেণির পড়ুয়াকে যৌ-ন নির্যাতন! বিহার থেকে গ্ৰেফতার অভিযুক্ত


নিজস্ব সংবাদদাতা, মালদা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য। এরই মাঝে মালদায় আরও এক ন্যক্কারজনক ঘটনা। ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়াকে ফুঁসলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ ওই নাবালিকা ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর এলাকায়। অভিযুক্ত শেখ রবিউলকে গ্রেফতার করেছে পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের পূর্ণিয়ায় পালিয়ে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল ওই যুবক। কিন্তু সেটা হয়নি। সেখান থেকেই তাকে পাকড়াও করে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রযুক্তিগত সাহায্য নিয়ে পূর্ণিয়া থেকে রবিবার রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আজ সোমবার সকালে ধৃতকে তোলা হল মালদা জেলা আদালতে। পুলিশ সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের যদুপুরে একই এলাকার বাসিন্দা নির্যাতিতা নাবালিকা এবং অভিযুক্ত বছর ত্রিশের যুবক শেখ রবিউল। রবিবার দুপুরে ওই যুবকের বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া বছর বারোর ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। এরপর তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। এরপর পরিবারের লোকজন তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন রয়েছে নাবালিকা। 


নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। উত্তেজনা থাকায় এলাকায় বসানো হয় পুলিশ পিকেট। এদিকে ঘটনার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত।‌ মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে অভিযুক্ত প্রতিবেশী রাজ্য বিহারে পালিয়ে গিয়েছে। এরপর ইংরেজবাজার থানার পুলিশের একটি বিশেষ দল বিহারের পূর্ণিয়া এলাকায় হানা দিয়ে অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করে। 


মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই বিশেষ দল গঠন করে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি বিধানের ব্যবস্থা হবে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা।

No comments:

Post a Comment

Post Top Ad