নবান্নের শুভেন্দু-প্রসেনজিৎ সাক্ষাৎ, কী কথা হল? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, July 10, 2026

নবান্নের শুভেন্দু-প্রসেনজিৎ সাক্ষাৎ, কী কথা হল?


কলকাতা: প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এরপর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বৈঠক। এরপর থেকেই ব্যাপক কৌতূহল নাগরিক মহলে। বৃহস্পতিবার নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে গত সোমবার অমিত শাহ গিয়েছেলেন প্রসেনজিতের বাড়িতে। ওই ঘটনার ও এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তাঁর সাক্ষাৎকে অনেকেই দুইয়ে দুইয়ে চার করেছিলেন। তবে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার সব জল্পনায় ইতি টেনেছেন টলিউডের বুম্বাদা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বৃহস্পতিবার ঠিক কী কী কারণে তিনি দেখা করলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। 


 এদিন নবান্ন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রসেনজিৎ। এই সময় তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনও রাজনীতির আলোচনা হয়নি। সঙ্গে প্রসেনজিৎ স্পষ্ট জানিয়ে দেন, তিনি রাজনীতিতে আসলে অবশ্যই সংবাদ মাধ্যমকে জানাবেন। অভিনেতা জানান, বিনোদন জগতের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। মূলত ৩ সেপ্টেম্বর, মহানায়ক উত্তম কুমারের জন্মদিন এবার বড় আকারে পালন করতে চায় বিনোদন জগত। যেহেতু এবছর মহানায়কের জন্মশতবর্ষ। সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। 


বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও বিনিয়োগ আসছে কিনা সেই প্রসঙ্গে তিনি বলেন এখনই নয় তবে আগামী দু-তিন মাসে সেরকম সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন প্রসেনজিৎ। এদিন প্রসেনজিৎ আরও বলেন, ”আমার সঙ্গে কারও কোনও রাজনৈতিক আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। যেটা হয়েছে আমাদের কথা, আমাদের ইন্ডাস্ট্রির কথা। পশ্চিমবাংলায় বিশেষ করে মহানায়ক উত্তম জ্যেঠুকে নিয়ে, তাঁর জন্মশতবর্ষের প্ল্যানিং নিয়ে কথা হয়েছে। উত্তমকুমার আমার ইমোশন, আমাদের বাঙালির ইমোশন এবং আমি মনে করি তিনি শুধু বাংলার নন, তিনি সারা ভারতবর্ষর। এই সমস্ত আলোচনা হয়েছে।"


তিনি আরও বলেন, "যাঁরা যেটা বলছেন, তাঁরা বিশ্বাস করুন আমাদের অন্য অনেক কথা থাকে, আমাদের অনেক প্রয়োজন থাকে। আমাদের নিজস্ব সুবিধা-অসুবিধা থাকে। সেই কথাগুলো বলার জন্যই এসেছিলাম।”


পাশাপাশি তাঁর মন্তব্য, "সবাই জানেন যে আমি আমার ইন্ডাস্ট্রির জন্য সব সময় রয়েছি। রাত দুটোর সময় ডাকলেও আমি দাঁড়াব। কারণ ওটা আমার জায়গা। তো এরকমভাবে যদি কখনও মনে হয়, আমাকে ডাকেন আমার যদি কোনও একটুখানি পরামর্শ আমার ইন্ডাস্ট্রিকে ভালো করে, আরও উন্নতি হয়, কেন আসব না? এটা তো আমার জায়গা।”

No comments:

Post a Comment

Post Top Ad