সুরুচির পুজো থেকে আউট বিশ্বাস ব্রাদার্স! খুঁটিপুজোয় বিজেপি বিধায়ক সৌরভ শিকদার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, July 16, 2026

সুরুচির পুজো থেকে আউট বিশ্বাস ব্রাদার্স! খুঁটিপুজোয় বিজেপি বিধায়ক সৌরভ শিকদার


নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে শুরু হয়ে গেল দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী সুরুচি সংঘের দুর্গাপুজোর প্রস্তুতি। বৃহস্পতিবার রথের শুভক্ষণে আয়োজন করা হয় এবারের দুর্গাপুজোর আনুষ্ঠানিক খুঁটিপুজো। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মায়ের আরাধনার সূচনা হয়।


খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরুচি সংঘের সভাপতি তথা বিজেপি বিধায়ক সৌরভ সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য পদাধিকারী, সদস্য-সদস্যা, বিশিষ্ট অতিথি এবং এলাকার বহু বাসিন্দা। বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উল্লেখ্য, এদিন সৌরভ শিকদারের জন্মদিনও। তাই খুঁটি পুজোর পাশাপাশি, ক্লাবের সদস্যরা কেক কেটে সৌরভের জন্মদিন উদযাপন করেন।


অনুষ্ঠানে সৌরভ সিকদার বলেন, "দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রীতির প্রতীক। প্রতিবছরের মতো এবারও সুরুচি সংঘ দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক পুজো উপহার দেওয়ার লক্ষ্য নিয়েছে।" তিনি সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন, যাতে নির্বিঘ্নে এবং সাফল্যের সঙ্গে এবারের পুজো সম্পন্ন করা যায়।


তবে, অতীতে সুরুচি সংঘের খুঁটি পুজো থেকে দুর্গাপুজো সবক্ষেত্রে ভিভিআইপি সংস্কৃতির ছোঁয়া থাকতো বলে অভিযোগ করেছেন সৌরভ শিকদার। এ নিয়ে তিনি বলেন, "ভিভিআইপি কালচার আর এবার থাকবে না। এবার থেকে সর্বজন কালচার হবে। এই পুজো সবার। জনগণের পুজো। অধিবাসী বৃন্দের পুজো হবে। পাড়ার লোকজন মিলে সুরুচি সংঘের পুজো করবেন।"



রথযাত্রায় জন্মদিন ও সুরুচি সংঘরে খুঁটি পুজো নিয়ে বিজেপি বিধায়ক বলেন, "সব প্রভুর কৃপা। তাঁর আশীর্বাদ নিয়ে মানুষের সেবা করে যেতে চাই। প্রভু জগন্নাথ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আরও শক্তি দিন।"


ক্লাব সূত্রে জানা গেছে, রথযাত্রার দিন খুঁটিপুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মণ্ডপ নির্মাণ ও পুজোর প্রস্তুতির কাজ শুরু হল। আগামী কয়েক মাস ধরে চলবে মণ্ডপ নির্মাণ, প্রতিমা তৈরির কাজ, আলোকসজ্জা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিকল্পনা।


সুরুচি সংঘ দীর্ঘদিন ধরেই তাদের অভিনব থিম, শৈল্পিক মণ্ডপ এবং সামাজিক বার্তাভিত্তিক উপস্থাপনার জন্য রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ পরিচিত। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীর সমাগম হয় এই পুজো মণ্ডপে। এবছরও সেই ঐতিহ্য বজায় রেখে নতুন চমক দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তারা। তবে, আগের মতো বিশ্বাস ভাইরা নন, এবার পুজোর দায়িত্বে থাকবেন ক্লাবের সদস্য ও স্থানীয়রা, এমনই জানান সুরুচি সংঘের সভাপতি সৌরভ শিকদার।


খুঁটিপুজো উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্ত ও শুভানুধ্যায়ীরা মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন এবং সফল দুর্গোৎসবের কামনা জানান। রথযাত্রার এই শুভদিনে খুঁটিপুজোর মাধ্যমে কার্যত শুরু হয়ে গেল সুরুচি সংঘের দুর্গাপুজো ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা।


প্রসঙ্গত, বিশ্বাস ব্রাদার্স তথা অরূপ-স্বরূপের একচ্ছত্র দাপট ছিল কলকাতার সুরুচি সঙ্ঘের পুজোয়। সাধারণ মানুষের কাছে এই পুজো অরূপ বিশ্বাসের পুজো নামেই পরিচিত ছিল। তবে, রাজ্যে পালাবদলের পর সেই চিত্র বদলে গেছে। টালিগঞ্জের বিনোদন জগতে অরূপের ভাই স্বরূপের বিরুদ্ধে উঠে এসেছে ভুরি ভুরি অভিযোগ। এক মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। অন্যদিকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীও মেসি কাণ্ডে তিনবার পুলিশি জেরার মুখোমুখি হয়েছেন। পাশাপাশি চাঞ্চল্যকর সব অভিযোগ উঠে এসেছে সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে। এমতাবস্থায় এবারে পুজো হবে কিনা, সেই প্রশ্ন‌‌‌ উঠছিল। 


তবে, পুজো হচ্ছেই। বাদ পড়ছেন বিশ্বাস ব্রাদার্স। পুজো কমিটির গঠনে এসেছে বড় পরিবর্তন। নতুন পুজো কমিটির তালিকায় আর রাখা হচ্ছে না দীর্ঘদিনের সঙ্গে যুক্ত অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকে। ক্লাবের প্রধান উপদেষ্টার পদ থেকে অরূপ বিশ্বাসকে এবং ক্লাবের সম্পাদক পদ থেকে সরানো হয়েছে স্বরূপ বিশ্বাসকে। সুরুচি সঙ্ঘের পুজোয় নতুন সম্পাদক হয়েছেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। এ বছরও সুরুচি সঙ্ঘের দুর্গাপুজো আগের জায়গাতেই অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment

Post Top Ad