কলকাতা: প্রতীক যুদ্ধের আপাতত অবসান। মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের অন্তর্বর্তী নাম ও প্রতীক চূড়ান্ত করল নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। মমতা শিবিরের নাম 'মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।' তাঁদের প্রতীক হল 'ফুটবলার'। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম 'ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস'। তাঁদের প্রতীক 'খাম'। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরের উপনির্বাচনে লড়তে হবে মমতা ও ঋতব্রত শিবিরের প্রার্থীদের এই প্রতীক এবং দলের নামেই। তবে মমতা-তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবী, উপনির্বাচনের পর তাঁরা চাইলে জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারেন।
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নে, 'ঘাসের উপর জোড়াফুল' প্রতীক এঁকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দল দু'ভাগে ভাগ হয়ে যাওয়ায় এই প্রতীক নিয়ে ঋতব্রত বনাম মমতা তৃণমূলের মধ্যে দীর্ঘদিন দড়ি টানাটানি চলছিল। সেই প্রতীক-যুদ্ধের যবনিকা পতন হয় বৃহস্পতিবার। দল কার, দলের তহবিল কার হাতে থাকা উচিৎ, এই সমস্ত প্রশ্ন উঠে এসেছে এই নাম ও প্রতীক যুদ্ধের হাত ধরে। আপাতত কমিশনের অন্তবর্তী নির্দেশে জোড়াফুল হাতছাড়া হয়েছে দুই শিবিরেরই। পরিবর্তে অন্য নাম ও প্রতীক বেছে নিতে বলা হয় মমতা-ঋতব্রতদের।
এরপর এদিন রাতেই মমতা শিবিরের তরফে কমিশনে 'তৃণমূল কংগ্রেস মমতা', 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' ও 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা'- এই তিনটি বিকল্পের কথা জানানো হয়। এছাড়া নির্বাচন কমিশনের কাছে জোড়া প্রতীক জমা দিয়েছিল 'মমতা-তৃণমূল'। ফুটবল খেলোয়াড় ও ব্যাট প্রতীক।
অপরদিকে ঋতব্রত শিবিরের তরফে 'পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস' 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস' ও জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস – এই বিকল্প নামগুলির কথা জানানো হয়েছিল। আর প্রতীক হিসেবে খাম, ব্ল্যাক বোর্ড ও টর্চ প্রতীক দেওয়া হয়েছিল। তার মধ্যে থেকেই প্রতীক এবং দলের নাম চূড়ান্ত করল নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন। ইতিমধ্যেই বাম-কংগ্রেস ও বিজেপি তাঁদের প্রার্থী ঘোষণা করেছে। মমতা ও ঋতব্রত শিবিরের তরফেও প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। তবে ভোটের ময়দান থেকে ছিটকে গেল 'জোড়াফুল'। এবারে উপনির্বাচনে লড়াই হবে ফুটবলার ও খাম-এর। জয়ের হাসি কে আসবে, তার উত্তর অবশ্য সময়ের অপেক্ষা।

No comments:
Post a Comment