ভোট প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী, মোদীর জন্মদিনে দারুণ চমক ঝাড়গ্রামের সেই বিক্রেতার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, September 17, 2026

ভোট প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী, মোদীর জন্মদিনে দারুণ চমক ঝাড়গ্রামের সেই বিক্রেতার


নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ঘিরে সকাল থেকেই রাজ্যজুড়ে নানান কর্মসূচি। কোথাও পুজো-অর্চনা, কোথাও বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। তবে এই উদযাপনের তালিকায় একটু অন্যরকম ছবি ঝাড়গ্রামের কলেজ মোড়ে। সেখানকার জনপ্রিয় ঝালমুড়ি বিক্রেতা বিক্রমও ভুলে যাননি প্রধানমন্ত্রীর জন্মদিন।



বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে এসে ঝাড়গ্রামের রাজ কলেজ মোড়ে চবন লাল ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই স্মৃতি ফের একবার মনে করেই বৃহস্পতিবার নিজের দোকানেই প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন ঝাড়গ্রামের রাজ কলেজ মোড়ের বাসিন্দা বিক্রম কুমার সাউ। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সেই মুহূর্তের ছবি ও স্মৃতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি।


এদিন সকালে নিজের বাড়িতে প্রধানমন্ত্রীর নাম করে পুজো-অর্চনা করেন বিক্রম। এরপর মোবাইলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্ট্যাটাসও দেন। শুধু তাই নয়, আজ তাঁর দোকানে যারা ঝালমুড়ি খেতে আসবেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ চমক—অন্যান্য দিনের তুলনায় একটু বেশি পরিমাণে ঝালমুড়ি খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিক্রমের কথায়, নিজের সামর্থ্য অনুযায়ী তিনিও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছেন। তাই আজকের দিনে তাঁর দোকানে ঝালমুড়ির স্বাদে থাকছে বাড়তি ভালোবাসা।


বিক্রম কুমার সাউ বলেন, “প্রধানমন্ত্রী আমার দোকানে এসে ঝালমুড়ি খেয়েছিলেন। সেই মুহূর্তটা আমার কাছে খুবই স্মরণীয়। তাঁর জন্মদিনে নিজের দোকানে ছোট করে অনুষ্ঠান করে সেই স্মৃতি আবার মনে করলাম। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।” 


উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ঝাড়গ্রাম সফরের সময় প্রধানমন্ত্রী নিজে কলেজ মোড়ের এই দোকানে থামেন এবং বিক্রম সাউয়ের তৈরি ঝালমুড়ির স্বাদ নেন। সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দোকানটি জনপ্রিয় হয়ে ওঠে। 


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের আবহ ঝাড়গ্রাম জুড়ে। কোথাও কেক কেটে, কোথাও রঙোলি এঁকে, আবার কোথাও পুজো, ফল বিতরণ ও সামাজিক কর্মসূচির মাধ্যমে বিজেপি নেতা কর্মীরা এই দিনটি পালন করেন।

No comments:

Post a Comment

Post Top Ad